দিমাগি নয়, খাঁটি নকশাল চিদাম্বরম: হিমন্ত

22

নিউজ ডেস্ক: লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিমাগি নকশাল অর্থাৎ মননে নকশালের কথা উল্লেখ করেছিলেন। যার প্রেক্ষিতে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সমাজমাধ্যমে লিখেছিলেন, দিমাগি নকশাল হতে পারলে গর্বিত হতাম। এপ্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, পি চিদাম্বরম শুধু দিমাগি নকশাল নন, তিনি খাঁটি নকশাল।
বর্তমানে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ পি চিদাম্বরমের সমালোচনা করে হিমন্ত বলেন, বামপন্থী উগ্রপন্থাকে দমন করতে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কোনও পদক্ষেপ করেননি চিদাম্বরম। এজন্যই তাঁকে খাঁটি নকশাল বলছি। স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন উগ্রপন্থা রুখতে, বিশেষ করে বামপন্থী উগ্রপন্থা রুখতে, তাঁর কাজের তদন্ত হওয়া উচিত, মন্তব্য হিমন্তর।
কাজিরঙায় পারিবেশিক সংবেদনশীল এলাকা বা ইএসজেড বিতর্কে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যদি ১০ কিমি এইএসজেড থাকে তাহলে বোকাখাত, কলিয়াবরের মানুষকে জায়গা ছাড়তে হবে। কংগ্রেসকে তোপ দেগে তিনি বলেন, ওরা কিছু না জেনে বিতর্ক তৈরি করেছে।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজিরঙার চারপাশে ইএসজেড ১০ কিমি থেকে কমিয়ে ১-৩ কিমি করা হবে। এরপর তিনি বলেন, ইতিমধ্যে বোকাখাত ও কলিয়াবরের বাসিন্দারা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। ১০ কিমি ইএসজেড থাকলে তাদের ঘরবাড়ি, জীবিকা, ব্যবসায় আঘাত পড়বে। ইএসজেডের জন্য কাজিরঙার বাসিন্দাদের উৎখাত করলে তারা কোথায় থাকবে? প্রশ্ন হিমন্ত বিশ্ব শর্মার। ১০ কিমি ইএসজেড থাকলে নুমলিগড় রিফাইনারিকেও সরিয়ে নিতে হবে।
১০ কিমি ইএসজেডের পরিবর্তে ১-৩ কিমি এসইজেডের সরকারের ভাবনা প্রকাশ্যে আসতেই আম্বানি গ্রুপের ভান্তারা কাজিরঙায় লগ্নি করার প্রস্তাব দিয়েছে। এই প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ওরা অসমে হাতি-হাসপাতাল তৈরি করার প্রস্তাব দেয়নি, বরং আহত হাতিদের চিকিৎসার জন্য যাতে সরকার হাসপাতাল গড়ে তুলতে তার টেকনিক্যাল সহায়তার প্রস্তাব দিয়েছে আম্বানি গোষ্ঠী। সরকার এই প্রস্তাব বিবেচনায় রেখেছে। যদি এটা অসমের জন্য ভালো হয় তাহলে আমরা এই প্রস্তাব গ্রহণ করব, বলেন হিমন্ত।