কুরবানি বর্জনের সিদ্ধান্তে প্রশংসা মুখ্যমন্ত্রীর

76

ব্যুরো রিপোর্ট: অসমের বেশ কয়েকটি জায়গায় আসন্ন ঈদ উপলক্ষে গরু কুরবানি হচ্ছে না। এই নিয়ে একাধিক জেলায় সংশ্লিষ্ট সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হোজাই, ধুবড়ি, উধারবন্দ, বঙাইগাও সহ বেশ কিছু জায়গায় ইদগাহ এবং কবরস্থান সমিতিগুলি আসন্ন ঈদের সময়ে গরু কুরবানি পরিহার করার যে আহ্বান জানিয়েছে তার প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, এঘটনা অসমের সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে এক ইতিবাচক এবং প্রশংসনীয় উদাহরণ।

মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, সংখ্যাগরিষ্ঠ সনাতনী সমাজের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আইনসম্মত এবং দায়িত্বশীলভাবে গৃহীত এই পদক্ষেপ রাজ্যে শান্তি, পারস্পরিক বিশ্বাস এবং সাম্প্রদায়িক সৌহার্দ্য সুদৃঢ় করে তুলবে। হিমন্ত বলেন, অসম সবসময়ই সহাবস্থান, সংবেদনশীলতা এবং পারস্পরিক সম্মানের ভূমি। আশা করি, অন্যান্য সমিতিও একইভাবে আইনসঙ্গত, সৌহার্দ্যপূর্ণ এবং দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করে সামাজিক দায়িত্ববোধ এবং সমন্বয়ের এই পরিবেশ আরও শক্তিশালী করে তুলবে।

প্রসঙ্গত, গো-হত্যার বিরুদ্ধে বেশ কিছু সরকারি নিষেধাজ্ঞা আগেই রয়েছে। ২০২১ সালে গো-সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে। সেই আইন অনুযায়ী হিন্দু, জৈন বা শিখ সম্প্রদায়ের বসতি প্রধান এলাকায় যে-কোনও মন্দির বা সত্রের ৫ কিমি ব্যাসার্ধের মধ্যে গো-মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী গবাদি পশুহত্যা নিষিদ্ধ করা হয়েছে। স্থায়ীভাবে কাজ বা প্ৰজননে অক্ষম গবাদি পশুর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নেই। সেই সঙ্গে স্বীকৃত কসাইখানা ছাড়া অন্য কোথাও গো-হত্যা নিষিদ্ধ।