২০২৭ থেকে বদলাতে পারে Home Loan-এর EMI, নতুন নিয়ম আনছে RBI

102

নিউজ ডেস্ক: ফ্লোটিং রেটের হোম লোনে সুদের হার পরিবর্তনের নিয়মে বড় বদলের প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এখনই EMI বদলাচ্ছে না। প্রস্তাবটি এখনও খসড়া পর্যায়ে রয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মতামত নেওয়া হবে। চূড়ান্ত হলে নতুন নিয়ম কার্যকর হতে পারে ১ এপ্রিল ২০২৭ থেকেই।
বর্তমানে অনেক ফ্লোটিং রেটের ঋণে বছরে একবার সুদের হার রিসেট হয়। RBI-এর নতুন প্রস্তাবে এই সময়সীমা সর্বোচ্চ তিন মাস করার কথা বলা হয়েছে। ফলে রেপো রেট কমলে ঋণের সুদ ও EMI-তে তার সুবিধা দ্রুত পৌঁছতে পারে। একইভাবে রেপো রেট বাড়লে বাড়তে পারে EMI-ও।
প্রস্তাবিত নিয়ম মূলত ফ্লোটিং রেটের ঋণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই অধিকাংশ ফিক্সড রেটের পার্সোনাল লোনে এর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা কম।
পুরনো ফ্লোটিং রেটের হোম লোনও এখনই বদলাতে হবে না। প্রস্তাব অনুযায়ী, ২০২৯ সালের ১ এপ্রিলের মধ্যে পুরনো ঋণগুলিকে নতুন কাঠামোর আওতায় আনা হবে, যার জন্য গ্রাহকের সম্মতি লাগবে এবং কোনো অতিরিক্ত ফিও নেওয়া হবে না।
বর্তমানে ভালো ক্রেডিট প্রোফাইলের গ্রাহকদের হোম লোনের সুদ প্রায় ৭.১-৭.২৫ শতাংশ থেকে শুরু হচ্ছে। সাধারণ বেতনভোগীদের ক্ষেত্রে তা প্রায় ৭.৫-৮.৫ শতাংশ। তাই নতুন ঋণ নেওয়ার সময় শুধু সুদের হার নয়, বেঞ্চমার্ক, স্প্রেড এবং রিসেটের নিয়মও দেখে নেওয়া জরুরি।
অর্থাৎ, RBI-এর প্রস্তাব কার্যকর হলে সুদ কমার সুবিধা যেমন দ্রুত পাওয়া যেতে পারে, তেমনই সুদ বাড়লেও তার প্রভাব দ্রুত EMI-তে পড়তে পারে।