নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে নয় মাস পর দেখা করতে পারলেন তাঁর স্ত্রী বুশরা বিবি এবং বোন নুরিন নিয়াজি। বিভিন্ন অভিযোগে ইমরান খানকে গ্রেফতার করে আদিয়ালা কারাগারে রেখেছে শাহবাজ শরিফ সরকার। মঙ্গলবার পাক সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে সপ্তাহে একবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন তাঁর পরিবারের লোকজন। তারপরই একসময় পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরানকে দেখতে তাঁর স্ত্রী ও বোন চলে যান আদিয়ালা সংশোধনাগারে। এ ছাড়া পাক সুপ্রিম কোর্টের নির্দেশ, ইমরানের সুচিকিৎসার জন্য তাঁকে নিয়ে যেতে হবে রাজধানী ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে। আদালত নির্দেশ দিয়েছে, যে পরিবারের লোকজনের সঙ্গে সপ্তাহে একবার সাক্ষাৎ করতে পারবেন ইমরান খান। এ ছাড়া তাঁর ছেলের সঙ্গেও ফোনে কথা বলতে পারবেন ইমরান। তাঁর চিকিৎসা করাতে হবে শিফা আন্তর্জাতিক হাসপাতালে এবং সেজন্য মেডিক্যাল বোর্ড গঠন করে সঙ্গে রাখতে হবে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ফয়জল সুলতানকে।
সুপ্রিম কোর্টের নির্দেশে ইমরানের এক বোন নুরানিকে ১৫ মিনিট সাক্ষাতের সময় দেয় জেল কর্তৃপক্ষ। এর আগে ইমরানকে জেলের মধ্যে মেরে ফেলার চক্রান্ত চলছে বলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েও ব্যর্থ হয়েছিলেন ইমরানের আরও দুই বোন আলিমা ও উজমা খান।
ইমরানের সঙ্গে ৩০-৩৫ মিনিট কথা বলেছেন তাঁর স্ত্রী বুশরা বিবি। তবে নুরানির মতো তিনিও সংবাদমাধ্যমের সামনে ইমরানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কোনও কথা বলেননি। পাক সুপ্রিম কোর্টের নির্দেশেই বলা হয়েছিল যে, সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলা যাবে না। ইমরানের সঙ্গে দেখা করার আগে বুশরা বিবি তাঁর দুই মেয়ে মুবাশারা শেখ এবং ছেলের স্ত্রী মেহেরউন্নিসার সঙ্গে ৩০-৩৫ মিনিট কথা বলেন।
এর আগে খবর ছিল যে কারাগারে ইমরানের উপর শারীরিক অত্যাচার চলছে, যার জেরে একটি চোখের দৃষ্টি হারাতে চলেছেন ইমরান খান। যদিও ইমরানের চিকিৎসার বিষয়ে পাক সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে চলেছে শাহবাজ শরিফ সরকার।