হরমুজে হামলা নিয়ে এবার রাষ্ট্রসঙ্ঘে সরব দিল্লি

19

নিউজ ডেস্ক : পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে তীব্র হচ্ছে জ্বালানি ও সারের সঙ্কট। এর মধ্যেই হরমুজে পণ্যবাহী জাহাজের নিরাপত্তা প্রশ্নের মুখে। এই দুইয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। সেই উদ্বেগের কথাই রাষ্ট্রসঙ্ঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদে তুলে ধরলেন ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ। গত ১৩ মে ভারতীয় জাহাজে হামলা নিয়েও সরব তিনি।

গত বুধবার সোমালিয়া থেকে শারজায় যাচ্ছিল ভারতের পতাকাবাহী ওই জাহাজটি। তাতে ১৪ জন ভারতীয় জাহাজকর্মী ছিলেন। জাহাজটি হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছতেই তার উপর হামলা হয়। জাহাজ ডুবে যায়, তবে ওমানের উপকুলরক্ষা বাহিনীর তৎপরতায় রক্ষা পান ১৪ জন জাহাজকর্মী।

বৃহস্পতিবার এ নিয়ে সরব হয়েছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ঘটনার নিন্দা করে এ ধরনের হামলা বন্ধের দাবি তুলেছিলেন তিনি। এরপরই রাষ্ট্রসঙ্ঘে সরব হল ভারত। নয়াদিল্লির তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ‘হরমুজে বাণিজ্যিক জাহাজে আক্রমণ, অসামরিক জাহাজকর্মীদের ওপর হামলা ও নৌপরিবহণের স্বাধীনতায় ব্যাঘাত সৃষ্টি করা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। নিরাপদ যাতায়াত সংক্রান্ত আন্তর্জাতিক আইনকে সকলের সম্মান জানানো উচিত।’ পাশাপাশি, জ্বালানি ও সারের সঙ্কট মোকাবিলায় পরামর্শও দিয়েছেন ভারতের স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি স্বল্পমেয়াদি কাঠামোগত পদক্ষেপ জরুরি। তবেই মিলতে পারে সুরাহা।’ হরমুজে হামলা নিয়ে ভারতের এই অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।