দিল্লিতে BRICS-এর বৈঠক, মুক্ত হরমুজ প্রণালীর পক্ষে সওয়াল জয়শঙ্করের

13

১৫ মে, ২০২৬: পশ্চিম এশিয়ায় সংঘর্ষ বিরতী হয়েছে বটে, কিন্তু শান্তি আসেনি। উত্তপ্ত পরিস্থিতিতে যে কোনও সময় ফের বেধে যেতে পারে যুদ্ধ। এই আবহে নয়া দিল্লিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দু’দিন ব্যাপী BRICS অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক। প্রসঙ্গত এই বছরেরই সেপ্টেম্বরে ভারতে বসতে চলেছে BRICS শীর্ষ সম্মেলন। তার আগে BRICS দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালীতে সঙ্কটের জেরে ভারতের শক্তি ক্ষেত্রে নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। পাশাপাশি এই বৈঠক এমন সময়ে হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন সফর রত। ফলে আমেরিকা সহ আন্তর্জাতিক বিশ্বের নজর অবশ্যই থাকবে BRICS অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের দিকে। তবে ট্রাম্পের চিন সফরের জন্য BRICS সম্মেলনে যোগ দিতে পারছেন না চিনা বিদেশমন্ত্রী। তাঁর জায়গায় বৈঠকে যোগ দেন দিল্লিতে অবস্থিত চিনা রাষ্ট্রদূত।

BRICS-র বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে যোগ দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভও। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একদফা বৈঠকও সেরে ফেলেছেন রুশ বিদেশমন্ত্রী। দিল্লিতে দু’দিনের BRICS সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে চলেছে ইরান যুদ্ধ ও জ্বালানি উদ্বেগ। BRICS-এর পাশাপাশি হরমুজ প্রণালী খোলা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন লাভরভ। আন্তর্জাতিক এই জোটে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিও। পশ্চিম এশিয়ায় যুদ্ধের সময় এই মার্কিন বন্ধু রাষ্ট্রকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল তেহরান।

বৃহস্পতিবার উদ্বোধনী ভাষণে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হরমুজ প্রণালীতে নিরাপদ, মুক্ত বাণিজ্যের আহ্বান জানিয়েছেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি আবার BRICS সদস্য দেশগুলোকে তেহরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০০৬ সালে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট হিসেবে আত্মপ্রকাশ করে BRICS। প্রথমে BRIC-এ ছিল ব্রাজিল.রাশিয়া, ভারত এবং চিন। পরে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এটির নাম হয় BRICS। ২০২৩ সালে মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহি যোগ দেয়। ২০২৪ সালে রাশিয়া বার্ষিক সভার আয়োজন করে। এ বছর সেপ্টেম্বরে ভারতে বসবে BRICS শীর্ষ সম্মেলন।