কলকাতা, দেবারতি ঘোষ : কলকাতা পুরসভায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হল নথি সরানোর অভিযোগকে কেন্দ্র করে। বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক অভিযোগ করেছেন, কলকাতা পুরসভার ট্রেজারি বিল্ডিং থেকে গুরুত্বপূর্ণ নথি রাতের অন্ধকারে সরিয়ে ফেলার চেষ্টা চলছে। তাঁর দাবি, বস্তাবন্দি অবস্থায় একাধিক নথি ট্রেজারি বিল্ডিংয়ে জড়ো করে রাখা হয়েছে এবং সেগুলি রাতের বেলায় পাচার হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার এই অভিযোগ সামনে এনে পুরসভার ট্রেজারি বিল্ডিংয়ে যান সন্তোষ পাঠক। তাঁর সঙ্গে ছিলেন পুরসচিব কিশোর কুমার বিশ্বাস। ঘটনাস্থলে গিয়ে তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বিষয়টি নিয়ে মৌখিক অভিযোগও জানান বলে দাবি করেছেন।
সন্তোষ পাঠকের অভিযোগ, পুরসভার কর্মী ও কিছু আধিকারিকের কাছ থেকে তিনি এমন তথ্য পেয়েছেন যে তৃণমূল পরিচালিত পুরবোর্ডের আমলে হওয়া বিভিন্ন ‘অবৈধ কাজকর্ম’-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল রাতের বেলায় সরিয়ে ফেলার চেষ্টা চলছে। তাঁর দাবি, সম্ভাব্য তদন্ত বা তথ্য প্রকাশ এড়াতেই এই নথি পাচারের চেষ্টা হতে পারে।
বিজেপি কাউন্সিলরের আরও অভিযোগ, পুরসভার ট্রেজারি বিল্ডিংয়ের একাধিক গুরুত্বপূর্ণ নথি বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছে, যা প্রশাসনিকভাবে অত্যন্ত উদ্বেগজনক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “রাতের অন্ধকারে এই নথিগুলি সরিয়ে ফেলা হতে পারে।”
এই পরিস্থিতিতে পুরসভার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন সন্তোষ পাঠক। বিশেষ করে রাতের নিরাপত্তা বাড়ানো, নজরদারি কড়া করা এবং ট্রেজারি বিল্ডিংয়ে যাতায়াতের উপর কড়া নজরদারির আবেদন জানিয়েছেন তিনি।
তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা কলকাতা পুরসভার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। অভিযোগের সত্যতা নিয়েও প্রশাসনিক স্তরে কোনও সরকারি মন্তব্য পাওয়া যায়নি। ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চাপানউতোর। কলকাতা পুরসভার নথি সংরক্ষণ ও স্বচ্ছতা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।