ইডি দফতরে অবশেষে হাজির হলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। ডিরেক্টর অফ সিকিউরিটিজকে বুধবার নোটিস দেওয়ার পর বৃহস্পতিবার আইনজীবীকে নিয়ে সকাল সকাল হাজির হন কালীঘাট থানার প্রাক্তন ওসি।
বুধবার ইডির তরফে চিঠি দিয়ে ডিরেক্টর অফ সিকিউরিটিজকে জানানো হয়, শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। এরপরই এ দিন সকাল ১১.০৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হন শান্তনু সিনহা বিশ্বাস।
গ্যাংস্টার সোনা পাপ্পু থেকে শুরু করে বালি পাচার-সহ একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি। ভোটের আগে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দল। বাড়িতে সে সময় ছিলেন না শান্তনু সিনহা বিশ্বাস। এরপর অন্তত তাঁকে ৫ বার নোটিস পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ডেকে পাঠানো হয় তাঁর ছেলেকেও। কিন্তু কোনওভাবে সিজিওমুখী হননি সপুত্র শান্তনু। বারবার তাঁর তরফ থেকে জানানো হয়, ভোটের জন্য হাই-প্রোফাইল সিকিউরিটি ম্যানেজমেন্টে ব্যস্ততার কারণে তিনি হাজির হতে পারবেন না। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়।
ভোটের আগে ফার্ন রোডে শান্তনু সিনহা বিশ্বাসের দুই ঠিকানায় হাজির হন ইডির তদন্তকারীরা। বেশ কিছু নথি উদ্ধার হয়। এরপর শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের লার্নিং হাবেও হাজির হন ইডির তদন্তকারীরা। সেখান থেকেও বেশ কিছু নথি সংগ্রহ করা হয়।