ফের উচ্ছেদ অভিযানের নির্দেশ হিমন্ত সরকারের

10

১৪ মে, কাছাড় : দ্বিতীয়বার সরকারে এসে ফের উচ্ছেদ অভিযানের নির্দেশ হিমন্ত সরকারের। বৃহস্পতিবার কাছাড়ের কাটিগড়ায় ফুটপাথ দখল ও অবৈধ পার্কিং হঠাতে শুরু হয় উচ্ছেদ অভিযান। ১৫মের মধ্যে সরকারি জমি খালি করার নির্দেশ প্রশাসনের। কাটিগড়ায় যানজটের সমস্যা দীর্ঘদিনের। জাতীয় সড়কের পাশে ফুটপাথ দখল করে চলছিল একাধিক দোকানপাট।

এমনকি বেআইনি পার্কিংয়ের জেরেও বাড়ছিল সমস্যা। এবার সেইসব সমস্যা থেকে কাটিগড়াবাসীকে মুক্তি দিতে প্রশাসনের নির্দেশে চলল অভিযান। সার্কেল অফিসার, পুলিশ গিয়ে বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। সরিয়ে দেওয়া হয় অবৈধ অটো, টোটো পার্কিং। তুলে দেওয়া হয় ফুটপাথ দখল করা একাধিক দোকান।

অভিযানে নেতৃত্ব দেন কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। তাঁর সঙ্গে ছিলেন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। উচ্ছেদ অভিযানে সার্কেল অফিসারের মন্তব্য, এরপর থেকে বাজার এলাকায় অবৈধ পার্কিং কিংবা ফুটপাথ দখল করে কোনও দোকান বসানো হলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সরকারি জমি দখল করে থাকা স্থায়ী নির্মাণ ১৫ মের মধ্যে খালি করারও নির্দেশ দেন তিনি।