১৯মে, ভাষা শহিদ দিবস: শিলচরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহিদদের স্মরণ

3

পাপলু দাস, শিলচর: ১৯৬১ সালের ১৯মে বাংলা ভাষার মর্যাদা রক্ষা আন্দোলনের এক ঐতিহাসিক দিন। সেদিন শিলচর রেলওয়ে স্টেশনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১১জন বীর সন্তান। আজ ১৯মে, সেই বীর ভাষা শহিদদের গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে স্মরণ করছে সমগ্র বরাক উপত্যকাসহ শিলচরবাসী। সকাল থেকেই উপত্যকার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিলচর শহরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

এদিন সকাল থেকেই শিলচর শ্মশানঘাটস্থিত শহিদ স্মারকে বিভিন্ন দল-সংগঠন এবং সাধারণ মানুষের ঢল নামে। ১৯৬১ সালের সেই ঐতিহাসিক দিনে মাতৃভাষার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের স্মৃতিতে নির্মিত শহিদ স্মারকে উপস্থিত হয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন আপামর জনতা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজকর্মী এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা শহিদ স্মারকে মাল্যদান করে শহিদদের এই মহান বলিদানকে স্মরণ করেন। এছাড়া, বিভিন্ন সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শহিদ বেদিতে প্রদীপ প্রজ্জ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা আবেগ প্রকাশ করে বলেন, ১৯ মে কেবল ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি মাতৃভাষার প্রতি অপরিসীম ভালোবাসা এবং অধিকার রক্ষার এক ঐতিহাসিক প্রতীক।

শহিদদের স্মরণে আজ দিনজোরা কর্মসূচিতে রয়েছে নীরব প্রার্থনা এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনা। এর পাশাপাশি, ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে গোটা উপত্যকা জুড়ে।