পৃথা দাশগুপ্ত, কলকাতা: মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, রাজীব কুমার সহ একাধিক ব্যক্তির নামে FIR। বিধাননগর দক্ষিণ থানায় FIR দায়ের করলেন শতদ্রু দত্ত। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করতে চলেছেন শতদ্রু দত্ত। শতদ্রুর অভিযোগ, মেসি আসার পর যুবভারতীর ভিতর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য দায়ী অরূপ বিশ্বাস। তিনি তার পরিবার নিয়ে অযাচিতভাবে ঢুকে পড়ে ছিলেন মাঠে। এমনকি পুলিশকে হুমকিও দেওয়া হয়েছিল। বিভিন্নভাবে টিকিট বিক্রি করা হয়। শতদ্র দত্তকে গ্রেফতার করার পর তাঁকে মুখ খুলতেও বারণ করা হয় বলে অভিযোগ।
বিধাননগর পুলিশ কমিশনারেটের সূত্রে খবর, ইতিমধ্যেই শতদ্রু দত্ত অভিযোগ জানিয়েছেন। FIR গ্রহণ করা হয়েছে। প্রতারণাসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি, শতদ্রু দত্ত যে অভিযোগ করেছেন সেই অভিযোগপত্র উচ্চপদস্থ আধিকারিকদের তরফে খতিয়ে দেখা হচ্ছে।
পাঁচ মাস কেটে গেছে। জল গড়িয়েছে অনেক দূর। বদলে গেছে সরকার। জামিনে মুক্ত মূল আয়োজক শতদ্রু দত্ত। কিন্তু এখনও মেসি ম্যাচের টিকিটের টাকা ফেরত পায়নি কেউ। জামিনে ছাড়া পাওয়ার পর মূল উদ্যোক্তা জানিয়েছিলেন, সবাইকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা হয়নি।
এই নিয়ে সরব রাজ্যের নতুন সরকার। টিকিটের টাকা যাতে দ্রুত ফেরত দেওয়া হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে সরকার।
শতদ্রু দত্ত জানিয়েছেন, ১০০ কোটি টাকার মানহানির মামলা করবেন উচ্চ আদালতে। সেই টাকা দিয়ে সাধারণ মানুষের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। ঠিক কী ঘটনা ঘটেছিল প্রকাশ্যে আনবেন তিনি। তার জন্য যতদূর যাওয়ার হয় তিনি যাবেন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলার সাক্ষী থেকেছিল সারা ভারত। লজ্জায় মাথা নত হয়েছিল কলকাতার। গ্রেপ্তার হন আয়োজক শতদ্রু দত্ত। এবার আসল ঘটনা কি ঘটেছিল সেটা সামনে আসে কিনা তার অপেক্ষায় প্রত্যেকে।