ইংরেজবাজার, সুমিত ঘোষ: ফের সিভিকের কীর্তি। ইংরেজবাজারের চণ্ডীপুরে জমি বিবাদের জেরে মা ও মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ। পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের। তদন্ত শুরু পুলিশের।
পূর্ত দফতরের একটি জায়গায় প্রায় ৫০ বছর ধরে বসবাস। সেই জায়গাটি থেকে তাঁদের তুলে দিতে তৎপর এলাকারই এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, মহম্মদ ইলিয়াস নামে ওই সিভিক ভলান্টিয়ার দলবল নিয়ে ওই জায়গাটির দখল নিতে চায়। প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁকে বাঁচাতে গেলে বৃদ্ধার পঞ্চাশোর্ধ মেয়ের উপর চড়ায় হয় অভিযুক্ত। তাকে বিবস্ত্র করে চলে নির্মম অত্যাচার। এখানেই শেষ নয়, ঘটনার পর থেকে চলছে লাগাতার হুমকি।
ঘটনার পর পুলিশ সুপারের দ্বারস্থ হয় বৃদ্ধা ও তাঁর মেয়ে। জেলার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এদিকে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। অভিযোগ হওয়ার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন।