সোমবারই আরও ৩৫ মন্ত্রীর শপথ, জানালেন শুভেন্দু

35,957

নিউজ ডেস্ক: সোমবার পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। রবিবার বিকেলে এক্স হ্যান্ডলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লিখলেন, ‘আগামিকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল আর এন রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।’ এর আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের পাঁচ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া।

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের তিন সপ্তাহ পর অবশেষে সোমবার সম্প্রসারিত হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভা। এর আগে গত ৯ মে মুখ্যমন্ত্রী সহ মাত্র ৬ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারপর থেকে প্রশাসনিক কাজের গতি বাড়াতে পূর্ণাঙ্গ রূপরেখা তৈরির প্রস্তুতি চলছিল। মুখ্যমন্ত্রীসহ বর্তমানে ৬ সদস্যের মন্ত্রিসভার সঙ্গে আরও ৩৫ জন যুক্ত হলে পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১।

সংবিধানের ৯১তম সংশোধনী অনুযায়ী, ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী সহ সর্বোচ্চ ৪৪ জন (১৫ শতাংশ) মন্ত্রী হতে পারেন। ফলে শুভেন্দু অধিকারীর হাতে সোমবারের পরও আরও ৩ মন্ত্রী করার সুযোগ থাকছে। সোমবারের এই নতুন মন্ত্রীর তালিকায় বড়সড় চমক থাকতে পারে। কেন্দ্রীয় নেতৃত্বের সিলমোহরের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রথম দফার পাঁচ মন্ত্রীর মধ্যে ইতিমধ্যেই নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মতুয়া সম্প্রদায়ের অশোক কীর্তনিয়াকে মন্ত্রী করা হয়েছে। রাজবংশী সম্প্রদায়ের নিশীথ প্রামাণিক এবং আদিবাসী সম্প্রদায়ের ক্ষুদিরাম টুডুকেও রাজ্যের মন্ত্রী করা হয়েছে। এবার বাকি অনগ্রসর সম্প্রদায় এবং মহিলাদের পাশাপাশি উত্তরবঙ্গকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বোস বিধানসভার স্পিকার এবং নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হওয়ার পর, এই অঞ্চল থেকে দীপক বর্মন ও শঙ্কর ঘোষের মতো চেনা মুখেরা নতুন মন্ত্রী তালিকায় স্থান পেতে পারেন বলে জোর জল্পনা চলছে।