দিল্লিতে APO-র ৬৮ তম অধিবেশন

13

নিউজ ডেস্ক, নিউ দিল্লি: এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানেইজেশন (APO)-এর পরিচালন সমিতির ৬৮ তম অধিবেশন নতুন দিল্লির ভারত মণ্ডপমে ২০ থেকে ২২ মে অনুষ্ঠিত হচ্ছে। ভারত বর্তমানে এই সংগঠনে নেতৃত্ব দিচ্ছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল ২১ মে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এই সংগঠনের ডিরেক্টর, পরামর্শদাতা এবং APO গোষ্ঠীভুক্ত দেশগুলির দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অধিবেশনে গ্লোবাল গ্রিন গ্রোথ ইনস্টিটিউট সহ কাজাখস্তান, উজবেকিস্তান এবং ভুটানের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন।

তিন দিনের এই অধিবেশনে APO ভিশান ২০৩০-এর ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা হবে। এছাড়াও, ২০২৭-২৮ সময়কালে সংগঠনের বাজেট নিয়ে মত বিনিময়ের পাশাপাশি মহাসচিব নির্বাচনের পন্থা-পদ্ধতি নিয়েও কথাবার্তা হবে।

পরিচালন সমিতির বৈঠকে সংগঠনের চেয়ার এবং ভাইস চেয়ারের নির্বাচন ও বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। এই সংগঠনের সর্বোচ্চ সংস্থা এই পরিচালন সমিতি, যারা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি কৌশলগত নীতি নির্ধারণ করে থাকে। ২০২৫ সালে পরিচালন সমিতির ৬৭ তম অধিবেশনে শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের সচিব শ্রী অমরদীপ সিং ভাটিয়া, আইএএস, এই সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। সেই অধিবেশনে বর্তমান অধিবেশনের বিষয়ে পরিকল্পনা করা হয়।

নতুন দিল্লিতে বর্তমান অধিবেশনের আয়োজন করার মধ্য দিয়ে উৎপাদন ভিত্তিক উন্নয়ন, উদ্ভাবন ও এই অঞ্চলের সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে ভারতের অঙ্গীকার আবারও প্রতিফলিত হয়েছে। ১৯৬১ সালে এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশকে নিয়ে এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানেইজেশন (APO) গড়ে ওঠে।