পাকিস্তান পঞ্ছন নয় পাক অধিকৃত কাশ্মীরবাসীর, চাইছেন ভারতের সাহায্য

29

নিউজ ডেস্ক: বেশ কিছু দিন ধরেই অস্থির পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন। গুলি, গুলিতে মৃত্যু। নানা ঘটনায় জেরবার পাকিস্তানের অংশের কাশ্মীর। এবার সেইখানকারই সংগঠন ভারতের কাছে সাহায্য চাইছে। জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির নেতা সরদার আমন খানের বক্তৃতা এখন সমাজ মাধ্যমে ভাইরাল। এই ভিডিওতে PoK-এর নেতাকে বলতে শোনা যাযচ্ছে, এলাকায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সঙ্কট দেখা দিয়েছে। ওষুধের অভাব। তিনি দাবি করেন, পাকিস্তানি প্রশাসনের কঠোর অভিযানের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। সর্দার আমন খান আরও দাবি করেন, পরিস্থিতি আরও খারাপ হলে সাধারণ মানুষের জন্য নিয়ন্ত্রণরেখা খুলে দেওয়া উচিত, যাতে প্রয়োজনে তাঁরা ভারতে যেতে পারেন। তিনি ভারত সরকারের কাছে মানবিক সহায়তা পাঠানোরও আহ্বান জানিয়েছেন।
রাওয়ালাকোটের ইদগাহ ময়দানে এক সমাবেশে পিওকে-এর নেই নেতার বক্তৃতা নিয়ে শোরগোল পড়েছে। তিনি প্রশ্ন করছেন, ‘তারা কি নিয়ন্ত্রণরেখার দিকে অগ্রসর হতে চান?’, জবাবে জনতারা সম্মতি জানান। জেএএসি নেতার দাবি, পিওকের পুঞ্চ ও ডোডা সেক্টরের নিয়ন্ত্রণরেখা খুলে দিলে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা কমতে পারে।
উল্লেখ্য, গত মাস থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভে প্রাণহানির ঘটনাও ঘটেছে। একই সঙ্গে কিছু সমাবেশে “পিওকে পাকিস্তানের অংশ নয়”—এমন স্লোগানও শোনা গেছে। অন্যদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত গিলগিট-বালতিস্তানের নির্বাচনে ইসলামাবাদের ক্ষমতাসীন দল ধারাবাহিকভাবে বিজয়ী হয়ে আসছে। সব মিলিয়ে পাক অধিকৃত কাশ্মীরের যন্ত্রণা ক্রমশই স্ফুলিঙ্গের আকার নিচ্ছে। ফলে ভারত-পাক সীমান্তে বিশেষ নজর দিয়েছে ভারতীয় সেনা। নজর রাখছে ভারত সরকারও। পাক প্রশাসনের যেন নাস্তানাবুদ অবস্থা।