প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ অমিত শাহ

34

পৃথা দাশগুপ্ত,কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে আজ কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নানা কর্মসূচীর মধ্যে হঠাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে যান তিনি। প্রসেনজিতের বাড়িতে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতেই গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

আজ কলকাতায় শহরে যে সব কর্মসূচি নির ছিল, সেখানে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা একদমই ছিল না। কলকাতা বিমানবন্দরে নামার পর শাহ ইকো পার্কে যান। সেখানে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যান ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতে। শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি থেকে মিলন মেলায় শ্যামাপ্রসাদকে নিয়ে অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও ভবানীপুর থেকে বেরিয়ে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসেনজিৎ পদ্মশ্রী সম্মান পাওয়ার পর রুদ্রনীল ঘোষকে নিয়ে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সুকান্ত। প্রসেনজিতের হাতে একটি রামলালার মূতি তুলে দিয়েছিলেন।

কিছুদিন আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর নিজের ছবি দেখার আমন্ত্রণ জানিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ।‌ এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে গেলেন তথাকথিত ইন্ডাস্ট্রি-র বাড়িতে। তাঁদের এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।