নিউজ ডেস্ক, গুয়াহাটি: পেনশন প্রক্রিয়ায় অযৌক্তিক বিলম্ব হলেই জরিমানার পদ্ধতি চালু হল অসমে। লক্ষ্য একটিই, তা হল, বর্তমান পেনশন আইন ও প্রশাসনিক প্রণালি কঠোরভাবে মান্য করতে হবে।
অসম সরকারের প্রশাসনিক সংস্কার, প্রশিক্ষণ, পেনশন ও গণ আপত্তি বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বলা হয়েছে কারও পেনশন পেতে দেরি হলে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। বিলম্বিত পেনশনের ক্ষেত্র চিহ্নিত করে প্রতি মাসে তুলতে হবে কৃতজ্ঞ পোর্টালে। এই তালিকা বিতরণ করা হবে সংশ্লিষ্ট কার্যালয়ে।
পেনশন প্রক্রিয়ায় দেরি হলে দৈনিক ২৫০ টাকা করে পুনরুদ্ধার করা হবে জরিমানা হিসাবে, যা সর্বাধিক হতে পারে ৫০০০ টাকা। যে আধিকারিক বা কর্মীর জন্য পেনশন প্রক্রিয়ায় দেরি হবে তাঁর বেতন থেকে জরিমানার টাকা কেটে নেওয়া হবে। জরিমানা করার দায়িত্ব দেওয়া হয়েছে ড্রয়িং ও ডিসবার্সিং অফিসারদের (ডিডিও)-কে।
২০২৩ সালের জুন মাসে পেনশন প্রক্রিয়া নিয়ে অসম সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল। তারই সূত্র ধরে নতুন বিজ্ঞপ্তি। অসমের সব সরকারি কর্মী যাতে দ্রুত পেনশন পান সেটা নিশ্চিত করাই লক্ষ্য সরকারের।