পৃথা দাশগুপ্ত, কলকাতা: সেবা সংকল্প অভিযান নিয়ে বৈঠক করতে কলকাতায় এসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর সেই বৈঠকে এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ তিনি।তাঁকে কার্যত সার্টিফিকেট দিলেন তিনি।
রাজনাথ সিং বলেন, দেশের অন্যান্য রাজ্যে শুভেন্দুর কাজের চর্চা হচ্ছে। রাজ্যে ক্ষমতায় আসার পর মাত্র ৪ মাসে শুভেন্দু যে সব কাজ করেছেন তার প্রশংসা করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ সিং আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলা এগিয়ে যাবে। তাঁর নেতৃত্বেই বাংলায় প্রথমবার বিজেপি সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এই ৪ মাসে তাঁর কাজের চর্চা দেশের অন্যান্য রাজ্যেও হচ্ছে।
তিনি আরো বলেন, “ভারতকে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। আশা করি, আগামীদিনে শিপ বিল্ডিং হাব হিসেবে পৃথিবীর মধ্যে প্রথম স্থানে উঠে আসবে বাংলা।”
এবার স্বাধীনতা দিবসে প্রথমবার লালকেল্লায় বন্দে মাতরমের সব কটি স্তবক গাওয়া হয়েছে। এটি বাংলার সম্মান। মোদির ২৫ বছরের প্রশাসনিক কার্যকালকে একটি শব্দে ব্যাখ্যা করেন তিনি, ‘সেবা’। তাঁর মতে, বিরোধিতা মোকাবিলা করেই উন্নয়নের পথে হেঁটেছেন প্রধানমন্ত্রী। সেই একই পথ অবলম্বন করছেন বাংলার মুখ্যমন্ত্রী।