নিউজ ডেস্ক : ১৫ দিন পার হয়নি। তামিলনাড়ুতে সরকার গঠন করেছেন সিলভার ক্রিন থেকে রাজনীতির ময়দানে পা রাখা অভিনেতা বিজয়। এককথায় জোড়াতালির সরকার চালাচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রী বিজয়ের দল টিভিকে ১০৭ আসন নিয়ে তামিলনাড়ুতে বৃত্ততম দল হলেও অনেক কাঠখড় পুড়িয়ে সরকার গঠন হয়েছে। এক সময় ডিএমকের সঙ্গে থাকা চারটি দল বিজয়কে সমর্থন করেছে। বিরোধী এডিএমকের ২৫ জন বিদ্রোহী বিধায়ক আস্থা ভোটে বিজয়ের সরকারকে সমর্থন করেছে। এককথায় তামিলনাড়ুতে ‘রাজনৈতিক অস্থিরতা’ রয়েই গিয়েছে।
এই রাজনৈতিক ‘অস্থিরতা’কেই অশনি সঙ্কেত হিসেবে দেখছেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ডিএমকে সুপ্রিমো এম কে স্টালিন। ২৬-এর বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি নিয়ে আত্ম বিশ্লেষণে বসেছিলেন তিনি। সেখানেই দলের নেতৃত্বকে স্টালিনের পরামর্শ, কোনওরকম ঢিলেমি না করে প্রস্তুতি নিন। দ্রুত ফের নির্বাচন হতে হবে।
এদিন তিনি দলের নেতাদের বলেন, এর আগেও পরাজিত হয়েছে ডিএমকে। এই পরাজয় অস্থায়ী। কিন্তু খুব দ্রুত ভুল শুধরে ফের তারা ক্ষমতায় ফিরেছেন। ভবিষ্যতেও তার অন্যথা হবে না। এখানেই থেমে থাকেননি তিনি। নিজের রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে স্টালিনের দাবি, আগামী আগামী ২০২৯-এর লোকসভা নির্বাচনের সঙ্গেই ফের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হবে। সেই নির্বাচনে তাঁরা ফের ক্ষমতায় ফিরবেন বলে দাবি করেছেন স্টালিন।
কেন এই সম্ভাবনার কথা দলীয় নেতৃত্বকে বললেন স্টানিল? ডিএমকে সুপ্রিমোর ব্যাখ্যা, ভিসিকে, সিপিআই, সিপিএম এবং আইইউএমএল– এই দলগুলিকে হাড়ে হাড়ে চেনেন তিনি। বিজয়ের সরকারকে এই চার দল বাইরে থেকে সমর্থন করেছে। এরা যে কোনও সময় সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। এছাড়া বিধানসভার স্পিকার বা আদালত বিদ্রোহী এডিএমকে বিধায়কদের অযোগ্য ঘোষণা করতেই পারে! সেক্ষেত্রে ফের নির্বাচন অনিবার্য।
দলের পরাজয়ের সমস্ত দায় এদিন নিজের কাঁধেই তুলে নিয়েছেন স্টালিন। তবে দল ঘুরে দাঁড়াতে এখন থেকেই কী করা প্রয়োজন তা নিয়েও দলীয় নেতৃত্বকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। ৩৬ জনের একটি কমিটি গঠন করেছেন। পরবর্তীতে এই কমিটি আরও বিশদে দলের পরাজয়ের কারণ খতিয়ে দেখে ফাঁকফোকড় মেরামতের কাজ করবেন। তবে বর্তমান প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সামাজিক মাধ্যমে দলের উপস্থিতিকে আরও জোরালো করার নির্দেশ দিয়েছেন স্টালিন। বিজয়ের সরকারের নানা পদক্ষেপ ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনায় জোর দিতে বলেছেন স্টালিন। এককথায় আগামীর নির্বাচনের লক্ষ্যে বিরোধী ভূমিকায় দলকে ময়দানে নেমে পড়তে নির্দেশ এম কে স্টালিনের।