সুপ্রিম কোর্টে স্বস্তি কুণাল ঘোষের

46

পৃথা দাশগুপ্ত, কলকাতা: অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ পাশাপাশি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম সহ আরও একাধিক আইনজীবীদের চেম্বার ঘেরাওয়ের অভিযোগে কলকাতা হাইকোর্ট জরিমানা করে। সেই মামলায় স্বস্তি পেলেন কুণাল ঘোষের । কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছেন।

এস এস সি-র শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেআইনি ভাবে নিয়োগ করেছিল তৃণমূল সরকার। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলায় একাংশ চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে কোর্টে সওয়াল করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ ছিল, কার নির্দেশে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে তা লিখিত জানাতে হবে। এরপরই চাকরিপ্রার্থীদের একাংশ বিরোধিতা শুরু করেন। কুণাল ঘোষের নেতৃত্বে চাকরিপ্রার্থীরা ফিরদৌস শামীম-বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের ঘিরে বিক্ষোভ দেখান বলেও অভিযোগ। আইনজীবীদের বিরুদ্ধেও বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগ ছিল তাঁর। এরপরই আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে কলকাতা হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। আদালত অবমাননা মামলায় হাই কোর্টের তিন বিচারপতির বেঞ্চ কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করেছিল। বিশেষ বেঞ্চের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন কুণাল ঘোষ।‌

২০২৫ সালের মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করলেও আজ সেই রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী ও শাম্ব নন্দী আজ এনিয়ে সওয়াল করেন। তাতে হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

নিজের সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ পোস্ট করে লিখেছেন, “কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় তিন বিচারপতির বেঞ্চ আমার বিরুদ্ধে দোষী সাব্যস্তের যে রায় দিয়েছিল, সোমবার সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করে সেই রায়ের উপর স্থগিতাদেশ দিল। সেই সঙ্গে সংশ্লিষ্ট শিবিরকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম আইনজীবীর মাধ্যমে। আজ শুনানি ছিল।”

তিনি আরও বলেন, “আইনজীবী অয়ন চক্রবর্তী ও শাম্ব নন্দী সোমবার বিষয়টি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের বিবেচনায় আনেন। এরপরই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি ও নোটিস ইস্যুর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যে বা যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মামলা সাজিয়েছিলেন, তাঁরা আজ একটু দুঃখ পাবেন। আমি আদালত মানি। বিশেষ বেঞ্চের তিন বিচারপতিকে শ্রদ্ধা করি। কিন্তু তাঁদের রায়ে আমি ন্যায়বিচার পাইনি মনে করি। তাই সুপ্রিম কোর্টে গেছিলাম। আইনি লড়াই চলবে।”