বাড়িতে অগ্নিদগ্ধ সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস

10

পৃথা দাশগুপ্ত: ধুলিয়ানে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন সাগরদিঘীর বিধায়ক। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে অভিযোগ। কে বা কারা আগুন লাগালো এখনো পর্যন্ত তা পরিষ্কার নয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা দূর থেকে দেখতে পান, বাইরনের বাড়ি থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। এরপরই স্থানীয়রা দমকলে খবর দেন। তখন‌ও আগুনে লেলিহান শিখা দেখা যাচ্ছিল। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

বাইরন বিশ্বাস বাড়িতেই ছিলেন। তার শরীরের বেশ কিছু অংশ অগ্নিদগ্ধ। ‌ প্রথমে তাঁকে তাঁর নিজের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। ‌ধুলিয়ানের তাঁর বাড়িতেই বিড়ির ব্যবসা। সেই বাড়িতেই আগুন লাগে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরুতর জখম বিধায়ক। অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে পারিবারিক অশান্তি। তবে বাইরন নিজে গায়ে আগুন দিয়েছেন নাকি অন্য কেউ বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।