গুয়াহাটির রেস্তোরাঁয় মহিলা নিগ্রহ, গ্রেফতার ৭

26

নিউজ ডেস্ক: গুয়াহাটির খানাপাড়ায় একটি বারে এক তরুণীকে মারধরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, সেখানকার ম্যানেজার ও কর্মী সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২ অক্টোবর রাত আড়াইটার দিকে খানাপাড়ার ‘দ্য লোকালস বার কাম রেস্টুরেন্ট’-এ।
পুলিশ জানিয়েছে, অনলাইনে ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর তারা ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ফুটেজে দেখা যায়, একদল মহিলা ও পুরুষ বারের ভেতরে ওই মহিলাকে মারধর করছেন।
পুলিশের দাবি, এরপর ওই মহিলা চুল ও পোশাক ধরে টেনেহিঁচড়ে বেসমেন্টের দিকে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁকে ফের মারধর করা হয় এবং এক পর্যায়ে তিনি প্রায় অচেতন হয়ে পড়েন।
তদন্তের পর পুলিশ জানতে পারে যে, ঘটনায় জড়িতদের মধ্যে কয়েকজন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও কর্মীবিভাগের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ আরও জানায়, বারটি নির্ধারিত সময়সীমা (রাত ১২:৩০ মিনিট) পেরিয়েও খোলা ছিল এবং এর কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে স্থানীয় থানাকে কোনও তথ্য জানায়নি।
প্রাথমিক তদন্তের পর, পুলিশ দিশপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ৬১(২), ১১৭(২), ৭৪, ৭৫, ১০৯ এবং ৩(৫) ধারায় স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেছে।
গ্রেফতার করা হয়েছে জাস্টিন ডি. আরেং (২৮), বার ম্যানেজার, নেকিবুর জামান সরকার ওরফে রোমান (৩০), ইভেন্ট ম্যানেজার, ঝুম্পা সিনহা (২৩), ফ্রন্ট অফিস এগজিকিউটিভ, উষা দেবী (২২), মঞ্জু দাস (২৬), গৌরব মহন্ত (২১) ও দিনো সোনাকে (২১)।