বিক্ষোভের জেরে তিনদিন বন্ধ মণিপুরের স্কুল-কলেজ

29

নিউজ ডেস্ক: জনগণনার আগে এনআরসি করার দাবিতে উত্তাল মণিপুরের ইম্ফল উপত্যকা। ব্যাপক বিক্ষোভ চলছে মৈরাং, ইম্ফল, পূর্ব ইম্ফল প্রভৃতি জেলায়। বিক্ষোভর আঁচ পড়েছে সরকারের অভ্যন্তরে। ২০-২২ আগস্ট, এই তিনদিন মণিপুরের সব স্কুল-কলেজ বন্ধের ঘোষণা করেছে সরকার।
মণিপুরের রাজ্যপালের নামে তিনদিন স্কুল-কলেজ বন্ধের নির্দেশ জারি করেছে মণিপুর শিক্ষা বিভাগ। এর আওতায় পড়ছে সরকারি স্কুল, বেসরকারি স্কুল, সিবিএসই ও অন্যান্য বোর্ডের স্কুল এবং সব কলেজ ও বিশ্ববিদ্যালয়।
জনগণনার আগে মণিপুরে এনআরসি করার ডাক দিয়েছে জাস্ট অ্যান্ড ফেয়ার ডিলিমিটেশন (জেএফডি) সংগঠন। এর আগে মৈরাং কলেজে জনগণনার কাজ চলাকালীন বিক্ষোভ দেখায় জেএফডি সংগঠনের কর্মীরা। বুধবার থেকে ৪৮ ঘণ্টার মণিপুর বন্ধের ডাক দিয়েছে জেএফডি। পূর্ব ইম্ফল জেলার খুরাই লামলং এলাকায় মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচান্দ সিং এবং মণিপুরের পুলিশমন্ত্রী গোবিনদাস কনথাউজামের কুশপুতুল পুড়িয়েছে বিক্ষোভকারীরা।
মঙ্গলবার পূর্ব ইম্ফলের জেলাশাসক দফতরের সামনে প্রবল বৃষ্টির মধ্যে তীব্র বিক্ষোভ দেখান মণিপুরি মহিলারা। বিক্ষোভ থামাতে গিয়ে আহত হন এক মহিলা পুলিশকর্মী। একইসঙ্গে আহত হন এক বিক্ষোভকারী।
পূর্ব ইম্ফলের জেলাশাসক দফতরে জনগণনার কাজ চলছিল। সেখানে গিয়ে ‘নো এনআরসি, নো সেনসাস’ স্লোগান দিতে থাকেন মহিলারা। বিক্ষোভকারীদের শান্ত করতে যায় একদল পুলিশ। তখনই সংঘর্ষে এক মহিলা পুলিশকর্মী ও একজন বিক্ষোভকারী আহত হন।