২০১১ সালের পর ইস্যু হওয়া জাতি সংশাপত্র খতিয়ে দেখার নির্দেশ রাজ্য প্রশাসনের

18

দেবারতি ঘোষ, কলকাতা : ২০১১ সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতি শংসাপত্র , বিশেষ করে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের মাধ্যমে দেওয়া শংসাপত্রগুলির পুনরায় যাচাই ও খতিয়ে দেখার নির্দেশ দিল সরকার। শুক্রবার রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৬৯ লক্ষ জাতি শংসাপত্র ইস্যু করা হয়েছে। এর মধ্যে তফসিলি জাতি প্রায় ১ কোটি, তফসিলি উপজাতি ২১ লক্ষ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি ৪৮ লক্ষ।
এর মধ্যে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের মাধ্যমে বিপুল সংখ্যক শংসাপত্র প্রদান করা হয়েছে বলে করা হয়েছে বলে দাবি।

রাজ্য সরকারের দাবি, কিছু ক্ষেত্রে দ্বিতীয় প্রজন্মের জাতি শংসাপত্রও পূর্বে ইস্যু হওয়া শংসাপত্রের ভিত্তিতে দেওয়া হয়েছে। সম্প্রতি বিভিন্ন মহল থেকে কিছু জাতি শংসাপত্রের সত্যতা ও বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা শাসকদের মাধ্যমে সমস্ত মহকুমা শাসক ও সংশ্লিষ্ট শংসাপত্র প্রদানকারী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ২০১১ সালের পর ইস্যু হওয়া সমস্ত জাতি শংসাপত্র ফের যাচাই করা হয়। পাশাপাশি দ্বিতীয় প্রজন্মের শংসাপত্রগুলিও খতিয়ে দেখা হবে।

সরকার আরও স্পষ্ট করেছে, যদি তদন্তে কোনও শংসাপত্র বেআইনিভাবে বা ভুল তথ্যের ভিত্তিতে ইস্যু হয়েছে বলে প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।