দ্রুত খালি করতে হবে সুরুচির জমি- নোটিশ এল‌আইসি-র

27

পৃথা দাশগুপ্ত,কলকাতা :সুরুচি সংঘ ক্লাবের দুর্গাপুজো দক্ষিণ কলকাতার অন্যতম হাই প্রোফাইল এবং ক্রাউড পুলার পুজো।‌ বিশ্বাস ব্রাদার্সের- বেনিয়মের জেরে এবার কী অনিশ্চিত সুরুচি সংঘের পুজো? ক্লাবের বিরুদ্ধে বিরাট জবরদখলের অভিযোগ । ‘এলআইসি’-র জমি বেআইনিভাবে দখল করে ক্লাবঘর এবং দুর্গাপুজোর পরিকাঠামো গড়ে তোলার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি।

এলআইসির এই জমি ছেড়ে দিতে হবে। জবরদখল মুক্ত করতেই এবার কড়া অবস্থান গ্রহণ বিমা সংস্থার। ১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘকে ওই জমি সম্পূর্ণ খালি করে দেওয়ার জন্য চরম সময়সীমা বেঁধে দেওয়া হল। সুরুচি সংঘ ক্লাবের দেওয়ালে উচ্ছেদের আইনি নোটিস টাঙিয়ে দিয়ে এসেছেন এলআইসি-র আধিকারিকরা। আইনজীবীর মাধ্যমে এলআইসি স্পষ্ট জানিয়েছে , নির্দিষ্ট সময়সীমার মধ্যে এলাকা খালি না করলে ক্লাবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তাঁরা।

এলআইসির- দাবি, এর আগেও একাধিকবার সুরুচি সংঘের ক্লাব কর্তৃপক্ষ এবং বিশ্বাস পরিবারের বিরুদ্ধে জমি দখলের লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। তৎকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করেছেন বিশ্বাস ব্রাদার্স। তাই এবার নিজেদের কোটি কোটি টাকা মূল্যের রাষ্ট্রায়ত্ত জমি পুনরুদ্ধারে মরিয়া বিমা সংস্থা।

নিউ আলিপুরের অত্যন্ত মূল্যবান এলাকার ৪৯৮, ৪৯৯, ৫০০ এবং ৫০১ নম্বর – এই চারটি বড় বাণিজ্যিক প্লট জবরদখল করে সুরুচি সংঘ ক্লাব নির্মাণ করার অভিযোগ উঠছে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। শুধু জমি দখলই নয়, ওই জমিতে বেআইনিভাবে স্থায়ী ও অস্থায়ী পাকা নির্মাণও করা হয়েছে বলে অভিযোগ।

বীমা সংস্থার এই কড়া পদক্ষেপের জেরে বেশ বিপাকে বিশ্বাস ব্রাদার্স।‌