আগামী সপ্তাহেই দিল্লি সফরের সম্ভাবনা তারেকের, এগোচ্ছে ভারত-বাংলাদেশ আলোচনা !

19

নিউজ ডেস্ক; ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পরই জোরালো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা। বাংলাদেশের সংবাদপত্র ‘দ্য ডেলি স্টারের’ সূত্র মতে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ থেকে ২৫ অগাস্টের মধ্যে দিল্লি সফরে আসতে পারেন তারেক। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হতে পারে তাঁর প্রথম ভারত সফর। অন্যদিকে, হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১০ অগাস্ট ঢাকায় তারেকের সঙ্গে প্রথম বৈঠকে বসেন দীনেশ ত্রিবেদী।
ঢাকা ও নয়াদিল্লির মধ্যে তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা চলছে। দুই দেশই সফর নিয়ে আগ্রহী । বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনার পর ২০-২৫ অগাস্টের মধ্যে সফর আয়োজনের বিষয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অনেকটাই একমত হয়েছেন।
দু’দিনের ভারত সফরে আসতে পারেন বিএনপি প্রধান তারেক রহমান। দু’দিনের জন্য দুটি সম্ভাব্য তারিখ বিবেচনায় রয়েছে—২০-২১ অগাস্ট অথবা ২১-২২ অগাস্ট। তবে শেষ মুহূর্তে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত দিন নির্ধারিত হতে পারে। তারেকের সঙ্গে সাক্ষাতের পর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন দীনেশ। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে আনা হয়নি। কিছুদিন আগেই ভারত থেকে অনলাইন মাধ্যমে সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের মাটি থেকে কেন হাসিনাকে বক্তব্য পেশ করতে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশের বর্তমান সরকারের প্রতিনিধিরা। ফলে সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিক্‌স সম্মেলনে বাংলাদেশ অংশ নেবে কিনা তা নিয়েও চর্চা চলছিল। ওই সম্মেলনে তারেককেও আমন্ত্রণ জানিয়েছে দিল্লি, বাংলাদেশ(ঢাকা) সরকারও সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছে । ইতিমধ্যেই তারেকের ভারত সফরকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে ।