নিউজ ডেস্ক: চিন, জাপানে বুলেট ট্রেনের মতোই কি হবে ভারতের বুলেট ট্রেন? মোদী সরকার আসার পর চর্চা ও কৌতূহল কিছু কম নেই ভারতবাসীর। এবার সেই বুলেট ট্রেনেরই প্রথম ছবি প্রকাশ করল ভারতীয় রেল মন্ত্রক।
সোমবার দেশের বুলেট ট্রেনের যে ছবি প্রকাশ করেছে রেল মন্ত্রক তাতে গেরুয়া ছোঁয়া। হাই স্পিড এই ট্রেনের ছাউনিতে গেরুয়া রং। উইন্ডো গুলিতে কালো রঙের ছোঁয়া। তারপর ঘোলাটে সাদা রঙের ব্যবহার হয়েছে দেশের প্রথম বুলেট ট্রেনে। ভারতের অন্য প্রিমিয়াম ট্রেনগুলির থেকে অনেকটাই আলাদা এই ট্রেনের সামনের অংশ। চোখের আকৃতি দেওয়া হয়েছে ট্রেনের লাইটের অংশে। দেখে মনে হবে একটি প্রাণী দৌড়ে চলেছে। জানা গেছে, মুম্বই-আহমেদাবাদ রুটে হাই স্পিড এই রেল দৌড়বে।

মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড এই রেল করিডোরের দৈর্ঘ্য ৫০৮ কিলোমিটার। মোট ১২টি স্টেশনের উপর দিয়ে দৌড়াবে ভারতবর্ষের প্রথম বুলেট ট্রেন। এই ১২ স্টেশনের মধ্যে ৮টি স্টেশন মহারাষ্ট্রের এবং ৪টি স্টেশন থাকছে গুজরাটের। মুম্বই-আহমেদাবাদ যেতে বুলেট ট্রেনে সময় লাগবে ২ ঘণ্টারও কম! জাপানের E5 সিরিজের শিনকানসেন প্রযুক্তির উপর ভিত্তি করে এই বুলেট ট্রেন তৈরি হচ্ছে। যার গতিবেগ হবে ঘণ্টায় ৩২০ কিলোমিটার। ভবিষ্যতে ভারতেই দেশীয় প্রযুক্তিতে বুলেট ট্রেন তৈরির জন্য বেঙ্গালুরুতে নির্মাণ ও ট্রায়ালের কাজ শুরু হয়েছে।
আপাতত মুম্বই-আহমেদাবাদ রুটে চালু হবে। ভবিষ্যতে দিল্লি-বারাণসী, চেন্নাই-বেঙ্গালুরু এবং মুম্বই-হায়দরাবাদ সহ আরও কয়েকটি রুটে এই বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।