বিদ্যুৎ নেই অসমের ৬৭৬ স্কুলে

20

নিউজ ডেস্ক: অসমের শিক্ষা পরিকাঠামো দ্রুত উন্নত হচ্ছে বলে সরকার যে দাবিই করুক না কেন বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলছে। এখনও অসমের ৬৭৬ স্কুলে বিদ্যুৎ নেই, ২৮৩ স্কুলে নেই ছাত্রদের শৌচাগর। যদিও অসমের শিক্ষামন্ত্রী রণোজ পেগুর দাবি, ২০২৭ সালের মার্চের মধ্যে সব স্কুলে বিদ্যুৎ এবং ছাত্রদের শৌচাগারের ব্যবস্থা করে ফেলবে সরকার।
সমাজমাধ্যে রণোজ পেগু লিখেছেন, অসমে ৪৪ হাজার ২৪৩ সরকারি স্কুল রয়েছে। এর মধ্যে ১.৫৩ শতাংশ স্কুলে বিদ্যুৎ নেই। এইসঙ্গে তিনি যোগ করেছেন যে চলতি আর্থিক বছরে সরকার সব স্কুলে বিদ্যুতের সংযোগের জন্য ৪ কোটি টাকা ধার্য করেছে। এ ছাড়া ৬৪৩ স্কুলে সাধারণ বিদ্যুৎ সংযোগ না থাকলেও সৌরবিদ্যুতের ব্যবস্থা রয়েছে।
শিক্ষামন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, অসমের সব সরকারি স্কুলে ছাত্রীদের শৌচাগার রয়েছে। তবে মাত্র ২৮৩ স্কুলে, যা রাজ্যের সরকারি স্কুলের মাত্র ০.৬৪ শতাংশ, ছাত্রদের শৌচাগার নেই। চলতি আর্থিক বছরে সব স্কুলে ছাত্রদের শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে, জানিয়েছেন রণোজ পেগু।
ডিজিটাল শিক্ষার বিষয়ে রণোজ পেগু বলেছেন, ১০,৩৩৩ স্কুলে অন্তত একটি ডিজিটাল শিক্ষণ সুবিধা রয়েছে। একটি আইসিটি ল্যাবরেটরি অথবা স্মার্ট ক্লাশরুম রয়েছে। চলতি আর্থিক বছরে আরও ৩২৮ স্কুলে আইসিটি ল্যাবরেটরির ব্যবস্থা করা হবে। এর ফলে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা নেই এরকম স্কুলের সংখ্যা কমে দাঁড়াবে ৬০৮-এ।
রণোজ পেগু দাবি করেছেন যে ২০২৭ সালের মার্চের মধ্যে বাকি সব স্কুলে ডিজিটাল পরিকাঠামো গড়ে ফেলা হবে।