অরূপ বিশ্বাসকে শোকজ তৃণমূলের, পাল্টা চিঠি অরূপের

10

পৃথা দাশগুপ্ত, কলকাতা: যে দিন মেসিকান্ডে হাজিরা, সেইদিনই তৃণমূলের টাকা ফ্রিজ করার জন্য ব্যাঙ্কের কাছে চিঠি। সেই চিঠির প্রেক্ষিতে ব্যবস্থাও নেয় ব্যাঙ্ক। কোষাধক্ষ্য হিসেবে পাঠানো চিঠি পেয়ে ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় এইচ ডি এফ সি। এরপরই রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে শোকজ করে দল। সেই শোকজের পাল্টা জবাব দেন তিনি। দলকে তিন পাতার কড়া চিঠি পাঠিয়েছেন । চিঠিতে একাধিক বিস্ফোরক দাবি। ফলত বিড়ম্বনায় পড়েছে তৃণমূল কংগ্রেস।‌

তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস । সূত্রের খবর, চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন, কোনও তথ‍্য না দিয়েই বিভিন্ন সময় তাঁকে দিয়ে চেকে সই করানো হত। কোথায় টাকা গিয়েছে, কেন টাকা নেওয়া হচ্ছে, কিছুই জানানো হয়নি তাঁকে। অর্থাৎ কোষাধ্যক্ষ হয়েও তাঁর কোন‌ও এক্তিয়ার ছিল না।

এইসব কারণেই তিনি দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চিঠি দিয়েছিলেন বলে শোকজের জবাবে জানিয়েছেন । মেসিকাণ্ডে একাধিকবার তলব এড়ানোর পর তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন তিনি। তবে চিঠিতে আরো একটি কথা উল্লেখ রয়েছে, গুরুত্বপূর্ণভাবে। চিঠির শেষে লেখা রয়েছে তিনি দলেই রয়েছেন। ‌এখন অরূপ বিশ্বাসের ভবিষ্যতে রাজনৈতিক অবস্থান কী হয় সেদিকেই নজর সকলের।