কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

39

পৃথা দাশগুপ্ত,কলকাতা:বীরভূমের পাথর ব্যবসায়ী নিজাবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলকে ঘিরে রহস্য ও চাঞ্চল্য ক্রমশ বাড়ছে। আপাতত তিনি বেপাত্তা। সূত্রের খবর, পুলিশকে ফাঁকি দিয়ে তিনি নাকি বিদেশে গা-ঢাকা দিয়েছেন। গ্রেপ্তারি এড়াতে আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তিনি।

টুলু মণ্ডলের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স । সম্প্রতি তাঁর শ্বশুরবাড়ি এবং আত্মীয়দের একাধিক ঠিকানায় জোরকদমে তল্লাশি চালান এসটিএফের আধিকারিকরা।

সূত্রের খবর, টুলু মণ্ডলের প্রায় ৯৩ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স এবং আদালতের নির্দেশে তাঁর সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। শুধু তা-ই নয়, তাঁর বাড়ির গ্যারেজ ও বিভিন্ন ডেরা থেকে বিএমডব্লিউ, অডির মতো বিলাসবহুল গাড়ি এবং ৮৩টি ডাম্পার ট্রাক সহ মোট ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত করেছে প্রশাসন।

টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে থেকে উদ্ধার হয় পাহাড়প্রমাণ নগদ টাকা ও গয়না। প্রথম দফায় সেখান থেকে উদ্ধার হয় প্রায় নগদ ২৮ কোটি ৫০ লক্ষ ৪৭ হাজার টাকা এবং প্রায় ১৫ কেজি সোনা । দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়ে অতিরিক্ত ৫৩ লক্ষ টাকা নগদ, ২৬৮ গ্রাম সোনার গয়না, ৪০০ গ্রাম রূপো এবং ২৩ গ্রাম প্ল্যাটিনামের অলঙ্কার বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা।

বিপুল এই কালো টাকার উৎস কী এবং এই কারবারে আর কারা জড়িত, তা জানতে মরিয়া তদন্তকারীরা। পুলিশের গ্রেফতারি এড়াতেই মঙ্গলবার তাঁর আইনজীবীর মাধ্যমে কলকাতা হাই কোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন তিনি। এখন আদালত তাঁকে সাময়িক আইনি সুরক্ষা দেয় নাকি তাঁর আবেদন খারিজ করে, সেদিকেই নজর রাজ্য রাজনীতির। আগামী সপ্তাহের শুনানির সম্ভাবনা।