সবরকম সাহায্য করব, কিন্তু ছেলেকে ফেরাতে পারব না: হিমন্ত

38

নিউজ ডেস্ক: অসমের বন্যায় উজান অসমের দিকে দিকে মর্মন্তুদ ছবি ভেসে উঠছে। নাজিরায় এমনই এক হৃদয় বিদারক মুহূর্তের সাক্ষী হলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রিয় পোষ্যকে বন্যার জল থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে ১৩ বছরের এক কিশোরের।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বুকে মাথা রেখে অঝোরে কাঁদতে থাকেন মৃত কিশোরের মা পার্বতী পানিকা। হিমন্ত তাঁকে বলেন, বন্যায় আপনাদের যা ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য সবরকম সাহায্য করব, কিন্তু আপনার ছেলেকে ফিরিয়ে আনতে পারব না।
শিবসাগর জেলার নাজিরার বামুন পুখুরিতে থাকত হৃদীপ পানিকা। দীপক ও পার্বতীর একমাত্র ছেলে হৃদীপ পড়ত স্থানীয় মডেল স্কুলে অষ্টম শ্রেণিতে। বন্যার জলে আদরের কুকুর বরুণকে ভেসে যেতে দেখে ঝাঁপ দেয় হৃদীপ। প্রিয় পোষ্য বরুণকে বাঁচাতে পারলেও জলের তোড়ে ভেসে যায় হৃদীপ। দুদিন পর তার দেহ উদ্ধার করে এনডিআরএফ।


কাঁদতে কাঁদতে পার্বতী পানিকা বলেছেন, হৃদীপ ছিল আমাদের একমাত্র সন্তান। প্রিয় কুকুরকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছিল, কিন্তু নিজে ফিরতে পারেনি। বন্যার জল বাড়তে আমার ভাই এসেছিল সাহায্য করতে। আমাদের বাড়ি থেকে নিয়ে যায় আমার ভাই। কিন্তু আমার ছেলেকে আমরা বাঁচাতে পারিনি।
বন্যার জলে পার্বতী-দীপকের বাড়ি ভেসে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা এই পরিবারকে আশ্বাস দিয়েছেন, নতুন করে ঘর তৈরি করে দেবে সরকার। ক্ষতিপূরণে যাবতীয় সাহায্য করবেন তিনি, কিন্তু মৃত পুত্রকে আর ফিরিয়ে আনতে পারবেন না।