২২ ফুটের মূর্তি চাপা পড়ে মৃত ২,জখম ২ শিশুসহ মোট ৫

29

নিউজ ডেস্ক: শনিবার ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় ১০টা, দক্ষিণ মুম্বাইয়ের ভুলেশ্বর এলাকায় গণেশের মূর্তি নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। তবে প্রতিমাটি আরপাঁচটা প্রতিমার মতো ছিলোনা কারণ প্রতিমার উচ্চতা ছিল ২২ ফুট উঁচু। ১৪ই সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ১০ দিনব্যাপী গণেশ উৎসব মুম্বাই এবং মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলের অন্যতম বৃহত্তম ও ব্যাপকভাবে উদযাপিত বার্ষিক উৎসব।
প্রতি বছর মুম্বাইতে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে গণেশের আগমন উদযাপিত হয় এসময় ভক্তরা সঙ্গীত, উৎসবমুখর পরিবেশ ও বিপুল জনসমাগমের মধ্য দিয়ে বিভিন্ন প্যান্ডেলে মূর্তি নিয়ে আসেন। শনিবার রাতে ভুলেশ্বর এলাকায় মূর্তিটি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে যায়। ২২ ফুট উঁচু গণপতি মূর্তি আগমনের শোভাযাত্রার সময় ভেঙে পড়ে মূর্তিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর তেত্তিরিশের সংকেত নেভশে ও বছর তিরিশের ব্রিজেশ হেমন্ত জোশী। জখম হন দুই শিশু সহ মোট পাঁচজন। যাঁরা হলেন আহত পাঁচজন—বৈভব ঘেনান্দ (৩৮), পবন চৌরাসিয়া (২৫), লাবণ্য গনের (৫), দিব্যা গনের (৭) ও কুণাল কাশিদ (২৬)—চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার পরপরই দমকল বাহিনী, পুলিশ, অ্যাম্বুলেন্স পরিষেবা এবং পুরসভার কর্মীদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী,মূর্তি বহনকারী লোহার কাঠামোর ওয়েল্ডিং সাপোর্ট ভেঙে যাওয়ায় বা নাট-বল্টু ঢিলে হয়ে যাওয়ায় বিশালাকার মূর্তিটি আচমকা ভারসাম্য হারিয়ে ভিড়ের ওপর আছড়ে পড়ে।