কাছাড়ের বড়খলায় নদীগর্ভে সেতু! ভেসে গেল ১০ কোটির নির্মীয়মান সেতুর কাঠামো

3

রাজর্ষি শর্মা মজুমদার, বড়খলা: নির্মাণকাজ শেষ হওয়ার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতুর কাঠামো। শুকুবার, কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুরন্দরপুর-বদরপুর সংযোগকারী সেতুর একাংশ দুপুর ১২টা নাগাদ নদীতে ভেঙে পড়ে।

জাটিঙা নদীর তীব্র জলস্রোতে সেতুটির মাঝখানের একটি স্তম্ভ ও বিশালাকার কাঠামো হঠাৎই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ২০২৪ সালে প্রায় ১০ কোটি টাকা বাজেটের এই সেতুর শিলান্যাস করেছিলেন খোদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাজ চলাকালীনই এই বড়সড় বিপর্যয়ে গোটা বরাক উপত্যকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শুরু থেকেই এই সেতু নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল। কোনো রকম বৈজ্ঞানিক পদ্ধতি না মেনেই ঠিকাদার সংস্থা খেয়ালখুশি মতো কাজ চালাচ্ছিল। আর সেই কারণেই নদীর সামান্য জলস্রোত সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে নির্মাণাধীন কোটি টাকার এই সরকারি প্রকল্প।

এলাকার সাধারণ মানুষ এই ঘটনার পেছনে বড়সড় দুর্নীতির গন্ধ পাচ্ছেন। তাঁরা এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভাগীয় শীর্ষ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। একই সাথে ঘটনার উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।