পেট্রলের উপর বাড়ল রফতানি শুল্ক, কমল ডিজেল-বিমানের জ্বালানিতে, আজ থেকেই কার্যকর নতুন হার

27

নিউজ ডেস্ক : পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে জ্বালানি বাজার টালমাটাল। এই পরিস্থিতির মধ্যেই দেশে জ্বালানি রফতানির ক্ষেত্রে কর কাঠামোতে পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। শুক্রবার অর্থ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে পেট্রল রফতানির উপর নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে। পেট্রল রফতানির উপর প্রতি লিটারে ৩ টাকা করে অতিরিক্ত এক্সাইজ ডিউটি বা উইন্ডফল ট্যাক্স বসানো হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি সেন্ট্রাল এক্সাইজ অ্যাক্ট, ১৯৪৪ ও ফিনান্স অ্যাক্ট, ২০০২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কার্যকর করা হচ্ছে।

অন্যদিকে, ডিজেল রফতানির উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। আগে যেখানে প্রতি লিটারে ২৩ টাকা শুল্ক ছিল, তা কমিয়ে ১৬.৫ টাকা করা হয়েছে। একইভাবে, এভিয়েশন টারবাইন ফুয়েল বা ATF রফতানির শুল্কও ৩৩ টাকা প্রতি লিটার থেকে কমিয়ে ১৬ টাকা প্রতি লিটার করা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, পেট্রল ও ডিজেল রফতানির ক্ষেত্রে কোনও রোড ও ইনফ্রাস্ট্রাকচার সেস আরোপ করা হবে না। নতুন হার কার্যকর হবে ১৬ মে অর্থাৎ আজ থেকেই।

এদিকে দেশীয় বাজারেও জ্বালানির দামে পরিবর্তন এসেছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি শুক্রবার সকালে পেট্রল ও ডিজেলের দাম বাড়িয়েছে। প্রতি লিটারে ৩ টাকা করে দাম বেড়েছে দুই জ্বালানিরই। দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে ৯৭.৭৭ টাকা প্রতি লিটার, যা আগে ছিল ৯৪.৭৭ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯০.৬৭ টাকা, আগে যা ছিল ৮৯.৬৭ টাকা। এই মূল্যবৃদ্ধির ফলে দেশের বেশ কয়েকটি বড় শহর, যেমন মুম্বই, কলকাতা ও চেন্নাইতে পেট্রলের দাম ১০০ টাকার গণ্ডি ছাড়িয়েছে।