দাবানলের গ্রাসে পশ্চিম আমেরিকা, প্রভাবিত পাঁচ কোটিরও বেশি মানুষ

32

নিউজ ডেস্ক: ভয়াবহ দাবানলের কবলে পশ্চিম আমেরিকার বিস্তীর্ণ এলাকা। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে উচ্চ তাপমাত্রার কারণে সৃষ্টি হতে পারে আরও ভয়াবহ পরিস্থিতি। সতর্ক করে দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে ওয়াশিংটন সংলগ্ন ওরেগনের বিভিন্ন এলাকায় প্রবল বাতাস এবং অত্যন্ত শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা গেছে ওয়াশিংটনের স্পোকেনের কাছে দাবানলে আগুন গাছের চূড়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে বড় মাপের ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনরাত চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। গোটা অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ওয়াশিংটনের গভর্নর। একই সঙ্গে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত খোলা স্থানে আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এদিকে, ওরেগন ও ওয়াশিংটনের পূর্বাঞ্চলে একাধিক বড় দাবানল এখনও জ্বলছে। দাবানল থেকে সৃষ্টি ঘন ধোঁয়ায় ঢেকে গেছে উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা। অবনতি ঘটেছে বাতাসের মানেও।

চলতি মরশুমে শুধু ওরেগনেই দাবানলে ১৭ লক্ষ একরের বেশি বনভূমি পুড়ে গেছে। বর্তমানে সেখানে অন্তত ৩০টি বড় দাবানল নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। প্রচণ্ড খরার কবলে রয়েছে পশ্চিমাঞ্চলের দুই-তৃতীয়াংশেরও বেশি এলাকা। ওরেগনের অর্ধেকের বেশি অঞ্চল তীব্র খরায় আক্রান্ত। দাবানলে প্রভাবিত হয়েছে পশ্চিমাঞ্চলের পাঁচ কোটিরও বেশি মানুষ। ক্যালিফোর্নিয়া থেকে মন্টানা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, ফিনিক্স, সল্ট লেক সিটি এবং মন্টানার বিলিংস শহরে এক্সট্রিম হিট ওয়ার্নিং দেওয়া রয়েছে। ফিনিক্সে শনিবার ও রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। উল্লেখ্য, ২০২৪ সালে ওরেগনে রেকর্ড ১৯ লাখ ৩০ হাজার একর এলাকা দাবানলে পুড়ে গিয়েছিল।

দেখুন ভিডিও –