১৮ মে, নিউজ ডেস্ক : গোটা দেশে ১ এপ্রিল থেকে জনগণনার প্রথম পর্বের কাজ শুরু হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে জনগণনার বিজ্ঞপ্তি জারি হয়েছে মাত্র কয়েকদিন আগে। সরকারি বিধি অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জনগণনার প্রথম পর্বের কাজ শেষ করতে হবে। যার অর্থ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কাজ শেষ করতে হাতে রয়েছে মাত্র ৪ মাস।
২০২১ সালের জনগণনা হয়নি কোভিড অতিমারির জন্য। প্রায় এক বছর আগে ২০২৭ সালে জনগণনা শেষ করতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। গৃহতালিকা তৈরির কাজ শেষ করার সময় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর।
বাংলার নতুন বিজেপি সরকার জনগণনার বিজ্ঞপ্তি জারি করলেও ৪ মাসের মধ্যে প্রথম পর্ব শেষ করা খুব কঠিন। একজন নোডাল আধিকারিক নিয়োগ করতে হবে। এরপর রয়েছে ২৯ মুখ্য জনগণনা আধিকারিক নিয়োগ। গৃহতালিকার জন্য ৩৩টি প্রশ্ন রয়েছে, সেই বিজ্ঞপ্তিও জারি করতে হবে। এরপর মোট ১০৫ আধিকারিক বিভিন্ন জেলায় গিয়ে আড়াই-তিন হাজার সরকারি কর্মীকে প্রশিক্ষণ দেবেন। তার পর ২ লক্ষের বেশি গণনাকারীর প্রশিক্ষণ পর্ব।
ইতিমধ্যে দিল্লি, ওড়িশা, সিকিম, মিজোরাম, আন্দামান-নিকোবর, লক্ষদ্বীপে গৃহতালিকার কাজ শেষ। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তীশগড়, চণ্ডীগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা, উত্তরখণ্ডে গৃহতালিকার কাজ চলছে।
এবারই প্রথম ডিজিটাল জনগণনা হচ্ছে। যে কেউ চাইলে জনগণনা পোর্টালে নিজের তথ্য জমা দিতে পারেন। এটাই স্বগণনা।
Prev Post