মণিপুরে ফের হিংসায় গুলিবিদ্ধ মহিলা-শিশু

77

নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত মণিপুর। কাংপোকপি জেলার কুকি অধ্যুষিত থিংকোংজাং গ্রামে দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ এক মহিলা ও শিশু। ঘটনার প্রতিবাদে ৩৭ নং জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে কুকি সংগঠন।
রবিবার বিকেলে সদর পাহাড়ের জিরিবাম-ইম্ফল রেললাইনের পাশে কাংচুপ গেলজাং সাব-ডিভিশনে অতর্কিতে হামলা। স্থানীয় চার্চে প্রার্থনা সেরে তখন ফিরছিলেন গ্রামবাসীরা।
প্রতক্ষ্যদর্শীদের বিবরণ অনুযায়ী, সশস্ত্র দুষ্কৃতীরা আধুনিক আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় এবং কয়েকটি বোমা ছোড়ে। দুজন গুলিবিদ্ধ এবং গ্রামের বেশ কয়েকটি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, হামলা করেছে নাগা গোষ্ঠী এনএসসিএন-আইএম এবং জাফ-কে।
দুষ্কৃতীদের গুলি লেগেছে এক মহিলা ঊরুতে এবং একটি শিশুর পায়ে। তাঁদের উদ্ধার করে কেইথেলমান্বি আসাম শিবিরের রাখা হয়েছে চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের পাঠানো হয়েছে রিমস ইম্ফলে।
ঘটনার নিন্দা করে কুকি ইনপি মণিপুর সংগঠন বিবৃতিতে বলেছেন, সশস্ত্র দুষ্কৃতীরা নিরীহ মানুষের ওপর গুলি চালিয়েছে, গ্রামের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। সাধারণ মানুষের ওপর হামলা কখনোই সমর্থনযোগ্য নয়। তীব্র প্রতিবাদ হবে।