ব্রিকস সম্মেলনে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী

25

নিউজ ডেস্ক: দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন না। শুধু প্রধানমন্ত্রীই নয়, বাংলাদেশের কোনও প্রতিনিধি ব্রিকস সম্মেলনে অংশ নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশের মন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে তিনি বলেছেন, অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপাক্ষিক সফরে যাবেন।
শনিবার ও রবিবার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আসর বসছে। এই সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দিতে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজনকারী দেশ ভারত।
এর আগে ফেব্রুয়ারি মাসে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তাঁকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের তরফে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।
৫ আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বাড়ে। এরপর তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চললেও দিনক্ষণ ঠিক হয়নি।
তবে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথমে তারেক রহমান ভারতে আসতে পারেন। উলটোদিকে, শেখ হাসিনা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। কূটনৈতিক একটি সূত্র জানাচ্ছে, হাসিনাকে ফেরানো হচ্ছে যাতে তারেক রহমানের ভারত সফর মসৃণ হয়।
এ ছাড়া ভারত-বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে। ১৯৯৬ সালে এই চুক্তি হয়েছিল। ৩০ বছরের জলচুক্তি দুদেশের কাছেই সফল বলে মনে হচ্ছে। চুক্তির মেয়াদ আরও বাড়াতে আগ্রহী ঢাকা। সেজন্য তারেক রহমানের ডিসেম্বরে ভারত সফর হবে বলেই ধরে নেওয়া যায়।