পৃথা দাশগুপ্ত, কলকাতা: শনিবার ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে উচ্ছ্বাস ছিল ফুটবল প্রেমীদের মধ্যে। খেলা দেখতে এসেছিলেন নাগাল্যান্ডের ২ মহিলা। শহরের নামী পাঁচতারা হোটেলের লবিতেই দুই যুবতীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
প্রথমে হোটেলের কর্মীদের বিষয়টি জানানো হয়। তারপর খবর দেওয়া হয় প্রগতি ময়দান থানায়। অভিযোগ জানান নাগাল্যান্ডের তরুণীরা। তারপরই তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। তিনি ও তাঁর বান্ধবী ভারত-ব্রাজিল ম্যাচ দেখতে এসেছিলেন। ম্যাচ শেষের পর রাত ১২টা ৩০মিনিট থেকে ১টার মধ্যে, ওই নামি পাঁচতারা হোটেলের লবিতে ব্রাজিল ফুটবল দলের সদস্যদের সঙ্গে উচ্ছ্বাস মাতেন।
অভিযোগ সেই সময়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নাগাল্যান্ড থেকে আসা ওই যুবতী ও তাঁর সঙ্গীকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নামে পুলিশ।
তদন্তে নেমে এক ব্যক্তিকে হোটেলের রুম থেকেই গ্রেপ্তার করা হয়। তিনি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা এই ব্যাক্তি।
খতিয়ে দেখা হয় হোটেলের সিসিটিভি ফুটেজ। সেখানে এক ব্যাক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের।
জানা যায়, অভিযুক্ত ব্যক্তি হোটেলেই উঠেছেন। তারপর হোটেলের রুম থেকেই পলাশ রায়কে (৫৬) গ্রেপ্তার করে পুলিশ।
তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তাঁকে আদালতে পেশ করা হবে।