ত্রিপুরায় সক্রিয় হয়ে উঠেছে এটিএম প্রতারণা চক্র

6

১৪ মে, ত্রিপুরা : ত্রিপুরায় সক্রিয় হয়ে উঠেছে এটিএম প্রতারণার চক্র। এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা। রাজ্যের তেলিয়ামুড়ার নেতাজিনগরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রতারিত গ্রাহক। অভিযোগ, এটিএম থেকে টাকা বেরোনোর ট্রেতে সেলোটেপ লাগিয়ে দিচ্ছে দুষ্কৃতীরা। ফলে, অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হলেও সেই টাকার পুরোটা পাচ্ছেন না গ্রাহক। কিছুক্ষণ পর সুযোগ বুঝে সেলোটেপে আটকে থাকা টাকা বের করে নিচ্ছে প্রতারকরা!
অভিযোগ, উত্তর মহারানি এলাকার বাসিন্দা নৃপেন্দ্র দেববর্মা পয়লা মে এটিএম থেকে ৫০ হাজার টাকা তুলতে গিয়ে প্রতারকের ফাঁদে পড়েন। অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেলেও হাতে আসেনি টাকা! ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ প্রথমে আশ্বাস দেয়, একটু পরেই অ্যাকাউন্টে ফিরে আসবে টাকা। কিন্তু ৪ দিন কেটে পরেও ফেরেনি সেই টাকা!
বাধ্য হয়ে ফের ৫ তারিখ ব্যাঙ্কের দ্বারস্থ হন ওই গ্রাহক। লিখিতভাবে অভিযোগ পেশ করেন তিনি। কিন্তু তাতেও সুফল মেলেনি। তারপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চক্ষু চড়কগাছ! স্পষ্ট দেখা যায়, কয়েকজন দুষ্কৃতী আগেই এটিএমের ট্রেতে সেলোটেপ লাগিয়ে রেখেছে। গ্রাহক টাকা তুলতে গেলে তা বাইরে না এসে আটকে থাকছে ভেতরেই। পরে নির্জন মুহূর্তে সেই টাকা হাতিয়ে নিচ্ছে তারা। প্রতারিত নৃপেন্দ্র দেববর্মা তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করেন।