ফের দামবৃদ্ধি পেট্রল-ডিজেলের, কলকাতায় কত?

42

১৫ মে, ২০২৬ : ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। সপ্তাহখানেক আগেই প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন, যুদ্বের বাজারে জ্বালানি সাশ্রয়ের। মাঝ মাসে বাড়ল পেট্রোল ডিজেলের দাম। লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে ৩ টাকা। ১ লিটার ডিজেলের দাম বাড়ল ৩ টাকা ১১ পয়সা। আজ সকাল থেকেই কার্যকর হয়ে গেল নতুন দাম।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়ানোয় চার মেট্রো শহরে লিটার প্রতি পেট্রোলের নয়া দাম হল: দিল্লি ৯৭.৭৭ টাকা, কলকাতা ১০৮.৭৪ টাকা, মুম্বই ১০৬.৬৪ টাকা. চেন্নাই ১০৩.৯০ টাকা।

লিটার প্রতি ৩ টাকা ১১ পয়সা দাম হওয়ায় চার মেট্রো শহরে ডিজেলের দাম দাঁড়াল: দিল্লি ৯০.৬৭ টাকা, কলকাতা ৯৫.১৩ টাকা, মুম্বই ৯৩.১৪ টাকা. চেন্নাই ৯৫.৪৭

পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ১০২ ডলার। বিশ্বব্যাপী জ্বালানির দাম যে হারে বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে জ্বালানির দাম যতটা বাড়ানো প্রয়োজন ছিল, এই বৃদ্ধি তার মাত্র এক-দশমাংশ।

পেট্রলিয়ম মন্ত্রক সূত্রে খবর, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি সত্বেও টানা ১১ সপ্তাহ ধরে পেট্রল ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছিল তেল সংস্থাগুলি। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানির দামবৃদ্ধির প্রভাব সর্ব ক্ষেত্রেই পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে সরকারি উদ্যোগে কতটা লাগাম টানা যায়, সে দিকেই নজর সব মহলের।