NEET UG ২০২৬ পরীক্ষার দিন ঘোষণা

31

১৫ মে ২০২৬, পৃথা দাশগুপ্ত : : বাতিল হয়ে যাওয়া NEET UG ২০২৬ পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আগামী ২১ জুন আবার এই পরীক্ষা হবে, বিবৃতি NTA-র। ৩ মে NEET UG ২০২৬ পরীক্ষা দিয়েছিলেন গোটা দেশের ২২ লক্ষ ৭৯ হাজার পড়ুয়া। প্রশ্নফাঁসের জেরে NEET UG ২০২৬ পরীক্ষা বাতিল করা হয়েছিল। ফের পরীক্ষার জন্য পডুয়াদের অতিরিক্ত কোনও অর্থ দিতে হবে না, জানিয়েছে NTA।

NEET-র প্রশ্নফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শোরগোল শুরু হয়। ১২ মে NEET-র পরীক্ষা বাতিলের ঘোষণা করে NTA। প্রতিবাদ-বিক্ষোভে নামেন পরীক্ষার্থীরা। অভিভাবকেরাও বিক্ষোভ দেখান।

NEET-র প্রশ্ন ফাঁসের ঘটনায় CBI তদন্ত শুরু করেছে। ৫ জনকে গ্রেফতারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রাথমিক তদন্তের পর CBI-র দাবি, রাজস্থানের সিকর থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। রাজস্থান থেকে হরিয়ানা হয়ে মহারাষ্ট্রের নাসিকে পৌঁছয় প্রশ্ন। সেখান থেকে বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়ে। ৩০ লক্ষ টাকায় প্রশ্ন কেনা হয়েছিল বলে তদন্তকারী সূত্রের খবর। এই ঘটনার সঙ্গে গুরুগ্রামের এক চিকিৎসকের যোগ পেয়েছেন তদন্তকারীরা। নাসিক থেকে গ্রেফতার হয়েছেন এক আয়ুর্বেদিক চিকিৎসক। রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (SOG)-এর হাতে গ্রেফতার হয়েছেন ১৩ জন। ১৪ সন্দেহভাজনকে জেরা করছে CBI।

সুপ্রিম কোর্টে এবিষয়ে আবেদন জানিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাদের প্রস্তাব, NEET UG পরীক্ষা আয়োজনের দায়িত্ব NTA-র হাত থেকে সরানো হোক। তার বদলে গড়া হোক একটি বিকল্প সংস্থা।