যারা চলে যেতে চায় তারা চলে যাক, নতুন করে গড়ে তোলা হবে দল, দলের সাংগঠনিক বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

6

দেবারতি ঘোষ, কলকাতা : বিধানসভা ভোটের জয়ী এবং পরাজিত প্রার্থীদের নিয়ে শুক্রবার নিজের বাড়িতে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, দলের সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, “যারা যেতে চায় তারা চলে যাক, দল নতুন করে গড়ে তোলা হবে।”

কালীঘাটে নিজের বাড়িতে বৈঠকে জেলা ভিত্তিক নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি । সংগঠনকে চাঙ্গা করার জন্য একাধিক নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত নেতাদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দল থেকে যারা বেরিয়ে যাচ্ছেন বা রঙ বদলাচ্ছেন, তাদের আটকানোর কোনও প্রয়োজন নেই। তাঁর কথায়, “যারা থেকে যাবেন, তারাই দলের সম্পদ।”

সূত্রে খবর, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ভাঙন এবং একাংশ নেতাকর্মীর নিষ্ক্রিয়তা নিয়ে বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তিনি স্পষ্ট জানান, সংগঠনকে নতুনভাবে সাজানো হবে এবং তৃণমূলকে আরও শক্তিশালী করতে ব্লক, টাউন ও অঞ্চল স্তরে ছোট ছোট মিটিং-মিছিল দ্রুত শুরু করার নির্দেশ দেন তৃণমূল নেত্রী।

তিনি আরো বলেন, যেসব পার্টি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি দ্রুত মেরামত করতে হবে এবং নতুন করে রং করতে হবে। এমনকি তিনি নিজেই পার্টি অফিসে রং করার কাজে অংশ নেবেন বলেও জানান।
তাঁর নির্দেশ, আগামী সাত দিনের মধ্যে প্রত্যেক জেলা নেতৃত্বকে এলাকা ভিত্তিক পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে। কোথায় সংগঠন দুর্বল হয়েছে, কোথায় কর্মীরা ঘরছাড়া, কোন এলাকায় সাংগঠনিক সমস্যা রয়েছে— সব বিস্তারিত তথ্য কালীঘাটে পাঠানোর নির্দেশ দেন তিনি। ঘরছাড়া কর্মীদের পৃথক তালিকাও জমা দিতে বলা হয়েছে।

বৈঠকে আইনি সহায়তা নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তৃণমূলের আইনি সেলের দায়িত্বপ্রাপ্ত চন্দ্রিমা ভট্টাচার্য আইন সংক্রান্ত বিষয় ও কর্মীদের আইনি সহায়তার কাজে সমন্বয় করবেন বলে জানানো হয়েছে। দলীয় সূত্রে খবর, সাম্প্রতিক বিভিন্ন মামলায় সংগঠনের পাশে দাঁড়াতে আইনি পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈঠকে জেলার ভিত্তিতে নেতাদের কাজকর্ম, সাংগঠনিক পরিস্থিতি এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণ নিয়েও খোঁজখবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলায় দলের অবস্থা নিয়ে তিনি সরাসরি রিপোর্ট চান এবং সাংগঠনিক দুর্বলতা কাটাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার নিজেই কালো গাউন পড়ে ঘর ছাড়াদের ফেরাতে উদ্যোগী হয়ে ওঠে সওয়াল করতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবার দলীয় নেতৃত্বকে সংগঠন মজবুত এবং কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়ে দলকে শক্ত হাতে ধরতে চাইছেন তিনি।