নিউজ ডেস্ক : অবশেষে সিবিআই-এর জালে NEET-এর প্রশ্নপত্র ফাঁসের কিংপিন। পুনে থেকে কেমিস্ট্রির অধ্যাপক পিভি কুলকার্নিকে গ্রেফতার করেছে সিবিআই। জানা গিয়েছে, ধৃত এই শিক্ষকই প্রথম নিট-এর প্রশ্নপত্র ফাঁস করেছিলেন। সিক্রেট টিউশন সেশনের নামেই তিনি একাধিক পড়ুয়াকে প্রশ্নপত্র দিয়ে দিয়েছিলেন।
ধৃত পিভি কুলকার্নি ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) সঙ্গে যুক্ত, যারা নিট পরীক্ষার আয়োজন করে। জানা গিয়েছে, ধৃত অধ্য়াপক এনটিএ-র তরফে পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। গত ৩ মে যে নিট পরীক্ষা হয়েছিল, তার আগেই তিনি বহু পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছিলেন।
সিবিআই তদন্তে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত কলেজ অধ্যাপক বহু বছর ধরেই নিট-এর প্রশ্নপত্র তৈরির প্য়ানেলে সদস্য ছিলেন। এর ফলে, আগে থেকেই তিনি সমস্ত প্রশ্ন জানতে পারতেন। এ বারে নিট ইউজি পরীক্ষার আগেই প্রতি বছরের মতো স্পেশাল ক্লাস রেখেছিলেন। এপ্রিলের শেষ ভাগে তিনি প্রশ্নপত্র ফাঁস করে দেন।
সিবিআই বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত কেমিস্ট্রি শিক্ষক মুখে মুখেই প্রশ্ন, মাল্টিপল চয়েস অপশন বলে দিয়েছিলেন। সেই সঙ্গে উত্তরও বলে দিয়েছিলেন স্পেশাল কোচিং ক্লাসে। পড়ুয়ারা নোটবুকে সেই প্রশ্ন নোট করে। নিট পরীক্ষা দিতে বসে তারা দেখে, হুবহু এক প্রশ্ন এসেছে। জানা গিয়েছে, ওই স্পেশাল ক্লাস করার জন্য পড়ুয়ারা তাঁকে লক্ষাধিক টাকা দিয়েছিল।