রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত দু’টি কামরা

14

১৭ মে ২০২৬: তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে আগুন। দিল্লিগামী রেলের এসএলআর ও বি-১ কোচে আগুন লাগে। রবিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে বলে খবর। কোটা রেল ডিভিশনের অন্তর্গত লুনি এবং আলট রেল স্টেশনের মাঝে প্রথম নজরে আসে আগুন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কোনও যাত্রী বা রেলকর্মী আহত হননি। ক্ষতিগ্রস্ত কোচের সকল যাত্রী নিরাপদ রয়েছেন। রাজধানী এক্সপ্রেসে আগুন লাগায় আটকে পড়ে ৫ থেকে ৬টি ট্রেন।

রেল সূত্রে জানা যায়, তিরুবনন্তপুরম থেকে নিজামুদ্দিনগামী ১২৪৩১ রাজধানী এক্সপ্রেসে প্রথমে বি-১ কোচে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের কামরায়। রেলকর্মীরা সমস্ত যাত্রীকে সরিয়ে নেন। ক্ষতিগ্রস্ত কামরা দু’টি ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করা হয়। খবর দেওয়া হয় দমকল বাহিনী ও রেল কর্তৃপক্ষকে। তাৎক্ষণিক পদক্ষেপে সমস্ত যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা হয়। ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদের ট্রেনের অন্য কামরায় উঠিয়ে দেওয়া হয়। কোটা থেকে অতিরিক্ত কোচের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সৌরভ জৈন। যাত্রীদের যে কোনও তথ্যের জন্য রেলওয়ের ওয়েবসাইট কিংবা ১৩৯ হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিটের জেরে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান। সামগ্রিক বিষয় খতিয়ে দেখছে পশ্চিম মধ্য রেলওয়ে, কোটা বিভাগ।