দেবারতি ঘোষ, কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের অংশ জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)-এর হাতে তুলে দেওয়ার অনুমোদন দেওয়া হল। সংবাদমাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে রাস্তার অংশগুলি হস্তান্তরের আবেদন জানানো হচ্ছিল। প্রায় এক বছর ধরে সেই প্রস্তাবগুলি রাজ্যের কাছে আটকে ছিল। ফলে উন্নয়নের কাজও থমকে ছিল। এবার আনুষ্ঠানিক ছাড়পত্র মেলায় সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলি দ্রুত কাজ শুরু করতে পারবে বলে মনে করা হচ্ছে। যে ৭টি জাতীয় সড়কের অংশ হস্তান্তর করা হচ্ছে, তার মধ্যে রয়েছে
- NH-৩১২ : জঙ্গিপুর-ওমরপুর-কৃষ্ণনগর-বনগাঁ-বসিরহাট (ঘোজাডাঙা) পর্যন্ত ৩২৯.৬ কিমি রাস্তা, যা NHAI-এর হাতে যাবে।
- NH-৩১ : বিহার-বাংলা সীমানা থেকে গাজোল পর্যন্ত সম্পূর্ণ অংশ।
- NH-৩৩ : বিহার-বাংলা সীমানা থেকে ফারাক্কা পর্যন্ত অংশ।
- নতুন NH-১০ : সেভক আর্মি ক্যান্টনমেন্ট থেকে করোনেশন ব্রিজ হয়ে কালিম্পং ও বাংলা-সিকিম সীমানা পর্যন্ত ৬৬ কিমি রাস্তা।
- নতুন NH-৩১৭এ : হাসিমারা থেকে জয়গাঁও, ইন্দো-ভুটান সীমান্ত পর্যন্ত।
- নতুন NH-৭১৭: বারাদিঘি-ময়নাগুড়ি-চ্যাংরাবান্ধা, ইন্দো-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত।
- NH-১১০ (পুরনো NH-৫৫): শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ অংশ।
এর মধ্যে প্রথম ৩টি রাস্তার দায়িত্ব নেবে NHAI এবং বাকি ৪টি রাস্তার উন্নয়নের দায়িত্ব থাকবে NHIDCL-এর হাতে। প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দ্রুত গতিতে এগোবে। পাশাপাশি, সীমান্তবর্তী এলাকায় বাণিজ্য, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।