পথ কুকুরদের নিয়ে আগের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

22

নিউজ ডেস্ক: পথ কুকুরদের নিয়ে আগের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২৫ নভেম্বরের নির্দেশ অপরিবর্তিত রেখে আদালত স্পষ্ট করে দিয়েছে, স্কুল-হাসপাতাল ও অন্যান্য সরকারি জায়গায় পথকুকুরদের ফের ছাড়া যাবে না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকারের মধ্যে কুকুরের আক্রমণের ভয় থেকে মুক্ত থাকার অধিকারও অন্তর্ভুক্ত।

গত ২৫ নভেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, স্কুল, কলেজ, হাসপাতাল, বাসস্ট্যান্ড ও রেল স্টেশনের মতো জনবহুল ও সংবেদনশীল এলাকাগুলি থেকে সমস্ত পথকুকুর সরিয়ে নিতে হবে। ওই এলাকাগুলি থেকে কুকুরদের ধরে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করতে হবে এবং তাদের বন্ধ্যাত্বকরণ বা টিকাদানের পর আবার একই জায়গায় ছেড়ে দেওয়া যাবে না।

এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ফের সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, সংবিধান এমন কোনও সমাজ ভাবে না যেখানে নাগরিকরা, বিশেষ করে শিশু ও প্রবীণরা, ‘শারীরিক শক্তি বা ভাগ্যের’ উপর নির্ভর করে বেঁচে থাকে।

পাশাপাশি পশু জন্ম নিয়ন্ত্রণ (ABC) নির্দেশিকা আরও কঠোরভাবে বাস্তবায়নের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নতুন নির্দেশ দিয়েছে। বন্ধ্যাত্বকরণ এবং টিকাদান ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিটি জেলায় প্রশিক্ষিত ডাক্তার সহ অন্তত একটি এবিসি কেন্দ্র স্থাপন করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

পথকুকুর ব্যবস্থাপনা এবং এবিসি (ABC) কাঠামোর বাস্তবায়নে সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথ পালন করা হচ্ছে কি না, সে নিয়ে সব হাইকোর্ট পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি রাজ্যগুলি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে বা ঠিক মত পালন না করলে তা আদালত অবমাননার সামিল বলে গণ্য করা হবে।