পৃথা দাশগুপ্ত, কলকাতা: আরজি কর মামলায় পরিবারের দাবিগুলি খতিয়ে দেখতে হবে। নতুন করে সিট গঠন করে তদন্ত শুরু করতে হবে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তিন সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মাথায় থাকবেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর।
আরজি কর মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট এদিন জানিয়েছে, নতুন করে তদন্ত শুরু করতে গেলে তদন্তকারী আধিকারিকদের যেতে হবে ঘটনাস্থলে। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে হবে। নির্যাতিতার বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে। কথা বলতে হবে সেই সময় কর্তব্যরত হাসপাতালের সমস্ত স্টাফদের সঙ্গে। সব তথ্য এবং নথি খতিয়ে দেখতে হবে।
হাইকোর্টের এদিন মন্তব্য করেছে, যেভাবে অপরাধ হয়েছে এবং সামাজিক পরিতৃপ্তির কথা মাথায় রেখে এই নির্দেশ। আগামী ২৪ জুন, এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে রিপোর্ট দেবে সিবিআই।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কেস ডায়েরি, সমস্ত নথি, তথ্য, অডিও-ভিডিও, ফোটোগ্রাফ, ফরেনসিক রিপোর্ট সহ যাবতীয় প্রাসঙ্গিক নথি তলব করেছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানিতে সব নথি হাজির করতে হবে সিবিআইকে। হাজির থাকতে হবে তদন্তকারী অফিসারকেও। ঘটনাস্থল নিয়ে মঙ্গলবার প্রশ্নের মুখে পড়ে সিবিআই। আদালত প্রশ্ন তোলে, তদন্ত শেষ না-হওয়া সত্ত্বেও ঘটনাস্থলে কীভাবে অবাধে লোকের যাতায়াত চলছে? কেন ঘটনাস্থলের সিল খুলে দেওয়া হয়েছিল? এই মামলায় অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষের ঘর কেন সিল করা ছিল না? দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
২৪ জুন, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই মামলার ফের শুনানি।