কলকাতা, দেবারতি ঘোষ : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার অভিযোগ আরও জোরালো হচ্ছে। এবার সেই বিতর্কের কেন্দ্রে উঠে এল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। নির্ধারিত সময়ে অধিবেশনের অনুমতি না মেলায় বৃহস্পতিবার কলকাতা পুরসভায় উত্তেজনা তৈরি হয়।
অভিযোগ, মাসিক অধিবেশন আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি আটকে রাখা হয়েছিল। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল পরিচালিত পুরসভার একাধিক কাউন্সিলর। পরিস্থিতি নিয়ে তাঁরা পুরসভার চেয়ারপার্সন মালা রয়ের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
সূত্রের খবর, পরে কলকাতা পুরসভার কমিশনারের কাছেও লিখিতভাবে জানতে চাওয়া হয়, কোন কারণে হাউস অধিবেশনের অনুমতি দেওয়া হয়নি। এই নিয়ে দিনভর জল্পনা ও চাপানউতোর চলতে থাকে পুরসভা চত্বরে।
পরিস্থিতির মধ্যেই গভীর রাতে চেয়ারপার্সন মালা রায় কাউন্সিলরদের গ্রুপে বার্তা পাঠিয়ে সকলকে উপস্থিত থাকার নির্দেশ দেন। এরপর মেয়র ও চেয়ারপার্সনের উপস্থিতিতে কাউন্সিলর রুমেই মাসিক অধিবেশন শুরু হয়। যদিও নির্ধারিত হাউসের পরিবর্তে কাউন্সিলর ক্লাব রুমে অধিবেশন হওয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
২২ তারিখ ডাকা এই পুরসভা অধিবেশন ঘিরে প্রশাসনিক জট এবং রাজনৈতিক টানাপোড়েন এখন শহরের রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।