গুয়াহাটিতে এসিএস অফিসার লাচিত দাসের বাড়িতে টাকার পাহাড়!
নিউজ ডেস্ক, গুয়াহাটি: গুয়াহাটিতে এসিএস আধিকারিক লাচিত দাসের বাড়িতে টাকার পাহাড়! লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনা বর্তমানে চর্চিত হয়েছে অসমের রাজনীতিতে। শুক্রবার লাচিত দাসের মহানগরে আরও দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালায় দুর্নীতি দমন শাখা। রূক্মিণীগাঁও হাইউসফেড অ্যাপার্টমেন্টে তাঁর ফ্ল্যাটবাড়িতে রাত আড়াইটে নাগাদ অভিযান চালান দুর্নীতি নিবারণ শাখার বেশ কয়েকজন আধিকারিক। একতলার বি-১০৪ নম্বর ফ্ল্যাটে চলে অভিযান। অভিযানে উদ্ধার হয় লাচিত কুমার দাসের নামে রেজিস্ট্রার করা একটি পিস্তল। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি পাসবুক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও।
অভিযানে এক কোটি ১৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বেলতলার কুইনস গার্ডেন অ্যাপার্টমেন্টের আরও একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। মহানগরের খারগুলি, বেলতলা, রহা, হোজাই সহ একাধিক স্থানে জমি রয়েছে লাচিত দাসের। একাধিক জায়গায় জমির নথি উদ্ধার করেছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। রহায় রয়েছে এক বিঘা জমি। হোজাইয়ে রয়েছে চার কাঠা জমি। গুয়াহাটির বেলতলায় রয়েছে ২টি ফ্ল্যাট বাড়ি। এসিএস অফিসারের বাড়িতে স্টিলের আলমারি থেকে এক কোটি ১৭ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন দুর্নীতি দমন শাখার ডিআইজি বেদান্ত মাধব রাজখোয়া।
উল্লেখ্য, এর আগে রাজ্য সরকারের একাধিক বিভাগে কর্মরত ছিলেন লাচিত কুমার দাস। ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার অসম সিভিল সার্ভিস অফিসার লাচিক কুমার দাস। তাঁর বিরুদ্ধে ৪৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, জমি কেনা-বেচার নামে একাধিকবার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে লাচিত দাসের বিরুদ্ধে।